মৃত্যুতে মানুষের হাত নেই: গ্র্যান্ড মুফতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ
শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ বলেছেন, মৃত্যুতে মানুষের হাত নেই। মৃত্যু মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে মিনা ট্র্যাজেডির জন্য হজ কমিটির প্রধানকে দোষারোপ করা যাবে না।
গত বৃহস্পতিবার পবিত্র হজ পালনকালে মিনায় পদদলিত হয়ে সাত শতাধিক হাজির মৃত্যুর ঘটনা প্রসঙ্গে গ্র্যান্ড মুফতি এ কথা বলেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বিবিসি এখবর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এসপিএ জানিয়েছে, উপ প্রধানমন্ত্রী ও সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ গতকাল শুক্রবার রাতে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের সঙ্গে দেখা করেন। তখন গ্র্যান্ড মুফতি তাঁকে বলেন, ‘যেহেতু মৃত্যুর ওপর মানুষের হাত নেই; সে জন্য আপনাকে (এই ঘটনার জন্য) দোষারোপ করা যাবে না। নিয়তি বা ত্বকদির অমোঘ, অলংঘেয়।’
ইরানসহ বেশ কয়েকটি দেশ ওই দুর্ঘটনার জন্য সৌদি কর্তৃপক্ষকে অভিযুক্ত করছে। দেশগুলোর বক্তব্য, সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তার বিষয়টি ঠিকভাবে দেখভাল করতে পারেনি। এই কাজে তাদের গাফিলতি ছিল।
হজ পালনকালে গত ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি পুনর্নিরীক্ষণের আদেশ দিয়েছেন বাদশাহ সালমান।

এ বিষয়ে ইরানের পাশাপাশি সরব হয়েছে ইন্দোনেশিয়াও। মুখ খুলেছেন নাইজেরিয়ার হজযাত্রী দলের প্রধানও। একটা প্রশ্ন বারবার উঠে আসছে, হজের ব্যবস্থাপনার দায়িত্ব এককভাবে সৌদি সরকারের হাতে নাকি মুসলমানপ্রধান দেশগুলোর হাতে যৌথভাবে থাকা উচিত।

গত ২৫ বছরের মধ্যে ভয়াবহতম এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫০ হাজি। এত হতাহতের পরও সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি বা জানা সম্ভব হয়নি, আসলে কোন দেশের কতজন নিহত বা আহত হয়েছেন। এখন পর্যন্ত যে হিসাব তাঁর পুরোটাই সংশ্লিষ্ট দেশগুলোর উদ্যোগ থেকে পাওয়া। অথচ ওই ঘটনার পর থেকে যতটুকু জানা গেছে তা সৌদি সিভিল ডিফেন্সের কাছ থেকে। অন্য কোনো সূত্র থেকে তা যাচাই বাছাইয়ের সুযোগ ছিল না।

গত বৃহস্পতিবারের ঘটনার পরপরই একজন সৌদি যুবরাজ এ ঘটনার জন্য ‘আফ্রিকান’ হাজিদের দায়ী করে বিবৃতি দেন। এত বড় ঘটনার পর তাৎক্ষণিকভাবে এই ধরনের মন্তব্য করা ঠিক হয়েছে কি না, সে প্রশ্নও উঠেছে। প্রশ্ন উঠেছে, যদি ওই মন্তব্য ঠিকই হয়, তাহলে সৌদি বাদশা কেন মোহাম্মদ বিন নায়েফের নেতৃত্বে একটি কমিটিকে নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করতে বললেন?

হজের কয়েক দিন আগেও গত ১১ সেপ্টেম্বর মক্কার কাছে ক্রেন ভেঙে শতাধিক হাজি নিহত হন। আহত হয়েছিলেন আরও অনেকে। দুটো ঘটনাই আলাদা, কিন্তু এক সঙ্গে ২০ লাখের মতো ধর্মপ্রাণ মুসল্লির জড়ো হওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে সৌদি সরকার আসলেই কতটা ভেবেছিলেন সে প্রশ্ন উপস্থিত হাজি এবং সংশ্লিষ্ট দেশগুলোর।