মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস
ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাস তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে গতকাল মঙ্গলবার সকালে। গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের অভিযোগে ওই মৃত্যুদণ্ড কার্যকর করে। নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ারিং স্কোয়াডে দুজনের এবং ফাঁসিতে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গাজার সরকারি কৌঁসুলি এক বার্তায় জানিয়েছেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং মানুষের মধ্যে সাজার ভীতি সৃষ্টির লক্ষ্যে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। ফিলিস্তিনের আইন অনুযায়ী কোনো নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন। তবে ২০০৭ সাল থেকে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের সঙ্গে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির সম্পর্ক ভালো নেই। মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আগে মাহমুদ আব্বাসের অনুমতি নেয়নি হামাস। এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করায় দেশে-বিদেশে তীব্র নিন্দার সম্মুখীন হয়েছে সংগঠনটি।
রয়টার্স