মৃত্যুদণ্ড হতে পারে মুরসির
মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। বিক্ষোভকারীদের হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বিচারের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। দুই বছর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর মুরসির বিরুদ্ধে এটিই প্রথম রায়। খবর এএফপির।
আরও দুটি মামলায় মুরসির মৃত্যুদণ্ড হতে পারে। এগুলোর একটিতে বিদেশিদের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং ২০১১ সালে মোবারকবিরোধী বিদ্রোহের সময় কারাগার থেকে পালানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ওই দুটি মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে ১৬ মে। বিশেষজ্ঞরা বলছেন, আগামীকালের রায়ে মুরসির মৃত্যুদণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতাদের বিরুদ্ধে বিচারকেরা বেশ কয়েকটি কঠোর রায় দিয়েছেন।
গণবিক্ষোভে হোসনি মোবারকের পতনের পর মুসলিম ব্রাদারহুডের সমর্থন নিয়ে মুরসি মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এক বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালের ৩ জুলাই ব্যাপক গণ-আন্দোলনের মুখে তিনিও তখনকার সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে উৎখাত হন। এরপর মুরসির সমর্থকদের বিরুদ্ধে সরকারি বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়। এতে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত ও হাজারো মানুষ কারাবন্দী হয়। এ পর্যন্ত দ্রুত বিচারে মুসলিম ব্রাদারহুডের শতাধিক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘ একে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন আখ্যা দেয়।