মেটাল ডিটেক্টর সরাচ্ছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিচ্ছে ইসরায়েলের নিরাপত্তাকর্মীরা। ছবি: রয়টার্স
জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিচ্ছে ইসরায়েলের নিরাপত্তাকর্মীরা। ছবি: রয়টার্স

মন্ত্রিসভায় ভোটাভুটির পর জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেওয়া হচ্ছে । এর বদলে ইসরায়েলি সরকার সেখানে বিকল্প নজরদারি ব্যবস্থা চালু করবে।

গতকাল সোমবার রাতভর মেটাল ডিটেক্টর সরানোর কাজ চলে। এর আগে এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় ভোটাভুটি হয়।

আজ মঙ্গলবার সকালে বিবিসির খবরে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতের বরাত দিয়ে জানানো হয়, নিরাপত্তা বিভাগের মেটাল ডিটেক্টর সরানোর সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এর পরিবর্তে উন্নত প্রযুক্তি ও অন্য উপায়ে আল আকসা মসজিদের প্রবেশপথে নজরদারি করা হবে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, ওই এলাকার নিরাপত্তার জন্য নতুন প্রযুক্তি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনে প্রায় ২৮ মিলিয়ন ডলার ব্যয় হবে।

১৪ জুলাই ইসরায়েলি পুলিশের দুই সদস্য নিহত হওয়ার জের ধরে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ওই মেটাল ডিটেক্টর বসানো হয়। এ ছাড়া সেখানে প্রবেশে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়। এ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গত এক সপ্তাহে কমপক্ষে আটজন নিহত হয়।

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কড়াকড়ি আরোপকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সংঘাত প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী জেসন গ্রিনব্লাট গতকাল সোমবার ইসরায়েলে যান। তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এদিকে আল-আকসা প্রাঙ্গণের উদ্ভূত পরিস্থিতি আগামী শুক্রবারের মধ্যে সমাধানের আহ্বান জানান মধ্যপ্রাচ্যে জাতিসংঘের বিশেষ দূত নিকোলাই ম্লাদিনভ। গতকাল নিরাপত্তা পরিষদকে পরিস্থিতি অবহিত করার পর তিনি বলেন, আগামী শুক্রবারের মধ্যে সবকিছু শান্ত করা না গেলে জুমার দিন আরও বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে। এসবের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত জানাল ইসরায়েল।