মেসিডোনিয়া পেরিয়ে ইইউ সীমান্তের পথে অভিবাসীরা
গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে দুই দিন অপেক্ষা করার পর হাজার হাজার শরণার্থী ও অভিবাসী গতকাল রোববার সার্বিয়া হয়ে আরও উত্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমানার দিকে এগিয়ে যান। মেসিডোনিয়ার পুলিশ গত শনিবার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত খুলে দেওয়ার পর তারা সার্বিয়ার দিকে রওনা হন। খবর এএফপি ও রয়টার্সের।
বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশ নিয়ন্ত্রণে মেসিডোনিয়ার কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করলেও দুই দিন পর তা প্রত্যাহার করে। গত দুই দিন আশ্রয়প্রার্থীদের সঙ্গে সীমান্তে সেনা ও পুলিশ বাহিনীর সংঘর্ষ হয়। এতে নারী-শিশুসহ অনেকে আহত হয়। এ ছাড়া নিম্ন তাপমাত্রা ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয় অনেকে।
সার্বিয়ার গণমাধ্যম জানায়, গতকাল সকালেই অন্তত সাড়ে তিন হাজার শরণার্থী ও অভিবাসী মেসিডোনিয়া পেরিয়ে সার্বিয়ায় প্রবেশ করে। পরে তারা ট্রেন ও বাসযোগে ইইউর সদস্যরাষ্ট্র হাঙ্গেরির সীমান্তের দিকে যাত্রা করে। মেসিডোনিয়া থেকে সীমান্ত পেরিয়ে আরও বহু মানুষ সার্বিয়ায় প্রবেশ করছে।
মেসিডোনিয়া সীমান্তে দাঙ্গা পুলিশ মোতায়েন থাকলেও তারা গতকাল শরণার্থী ও অভিবাসীদের অবাধে প্রবেশের সুযোগ দেয়। এসব মানুষের অধিকাংশই সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে পালিয়ে এসেছে।
অভিবাসন-সংকট ক্রমেই গভীর হওয়ায় ইইউর অস্তিত্বের জন্য হুমকি তৈরি হয়েছে বলে ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেন্তিলোনি গতকাল হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে যে ধরনের বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে তা ইইউর দেশগুলোতে জনগণের অবাধ চলাচলের জন্য আসলেই হুমকি।
৩০০০ অভিবাসী উদ্ধার: ভূমধ্যসাগর থেকে প্রায় তিন হাজার অভিবাসীকে গত শনিবার উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্টগার্ড ওই উদ্ধারকাজ সমন্বয় করে। লিবিয়া উপকূল থেকে আসা যাত্রীবোঝাই ২০টি নৌযানে ওই অভিবাসীরা আরোহী হয়েছিলেন।