ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে মুগ্ধ হয়েছেন নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব। গতকাল সোমবার কাঠমান্ডুতে মোদির সঙ্গে বৈঠকের সময় নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে রাম বরণ বলেন, ‘পার্লামেন্টে দেওয়া আপনার বক্তৃতা আমাদের মন জয় করে নিয়েছে।’ খবর এনডিটিভি ও জি নিউজের।
মোদি দুই দিনের সফরে গত রোববার কাঠমান্ডু পৌঁছান। ওই দিনই হিন্দিতে নেপালের পার্লামেন্টে বক্তৃতা করেন তিনি। গতকালই নয়াদিল্লির উদ্দেশে মোদি কাঠমান্ডু ছাড়েন।
মোদি ও রাম বরণের ১৫ মিনিট স্থায়ী বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালাসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এর আগে কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে যান মোদি। সেখানে তিনি প্রার্থনায় অংশ নেন।
প্রচণ্ডের সঙ্গে সাক্ষাৎ: নেপালের মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড গতকাল মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে প্রচণ্ড বলেন, মোদির নেপাল সফর দুই দেশের সম্পর্কে ‘নতুন দিগন্তের সূচনা’ করল।
গত ১৭ বছরের মধ্যে মোদির সফরই ছিল ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম নেপাল সফর। মোদির এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকেরা। চীনের প্রভাব ঠেকাতে মোদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের যে নীতি নিয়েছেন, নেপাল সফর তারই প্রমাণ বলে মনে করছেন তাঁরা।