অন্যরকম বিয়ে!

বিয়ের অনুষ্ঠানের জন্য রেস্তোরাঁ, সমুদ্রসৈকত, নৌকা বা প্রাসাদকে বেছে নেন অনেকেই। কিন্তু এবার এর ব্যতিক্রম ঘটেছে। প্রচলিত অনুষ্ঠানস্থলের বাইরে গিয়ে বিয়ে করেছেন চীনের এক দম্পতি।
এনডিটিভির খবরে বলা হয়, একটি খাবার প্রতিষ্ঠানের খাদ্য সরবরাহকারী ওই ব্যক্তি তাঁর নিজের মোটরসাইকেলে বসেই বাগদত্তার সঙ্গে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন। আর সেই বিয়েতে যাঁরা অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন, তাঁরাও সবাই ছিলেন মোটরসাইকেলের যাত্রী। এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়।
চীনের পিপলস ডেইলির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, চলতি মাসের ১ তারিখে দেশটির তিয়ানজিন শহরে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের এই ব্যতিক্রমী আয়োজন যে শুধু স্থানীয় মানুষের কৌতূহলী করেছিল তা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই বিয়ের ভিডিও তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।
ওই ভিডিওতে দেখা যায়, বর তাঁর নববধূকে মোটরসাইকেলে নিয়ে সামনে দিয়ে যাচ্ছেন। আর তাঁদের পেছনে তাঁর শত শত সহকর্মী তাঁদের নিজস্ব মোটরসাইকেল নিয়ে বহরে যোগ দিয়েছেন। তাঁদের সবার মাথায় হেলমেট এবং পরনে ইউনিফর্ম ছিল। এরই মধ্যে ভিডিওটিতে দেড় হাজারের বেশি ‘লাইক’ পড়েছে।
তবে এ ঘটনা ওই খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রচারণা কৌশলের অংশ ছিল কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পিপলস ডেইলি।