মোদি কেন এখন সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এএফপি ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এএফপি ফাইল ছবি

বেশি দূরের কথা নয়। গত বছরের মাঝামাঝি ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। উদ্ভূত পরিস্থিতিতে এমনও মনে হয়েছিল, এই বুঝি দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গেল! ভাগ্যিস, শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।

বিরোধপূর্ণ দোকলাম মালভূমি নিয়ে দুই দেশের হুমকি-পাল্টা হুমকি এখনো কানে বাজে। নয়াদিল্লি ও বেইজিংয়ের তখনকার যুদ্ধংদেহী মনোভাব এত দ্রুত ভোলার নয়। তবে ঘরোয়া রাজনীতির মতো বিশ্ব রাজনীতিতেও ‘শেষ’ বলে কিছু নেই। এই রাজনৈতিক প্রবাদটি যে কতটা অকাট্য, তার প্রমাণ ভারত ও চীন।

বলতে গেলে, অনেকটা হুট করেই ঘোষণাটি এসেছে। গত রোববার বেইজিংয়ে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে জানানো হয়, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর করছেন। তাঁর সফরকাল ২৭ ও ২৮ এপ্রিল।

ভারত ও চীনের সংবাদমাধ্যম বলছে, শুক্রবার থেকে শুরু দুই দিনের সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকের স্থান চীনের হুবেই প্রদেশের উহান শহর। মোদি ও চিন পিংয়ের মধ্যকার ঘরোয়া বৈঠকটির বিশেষত্ব হলো, সেখানে তাঁদের কোনো সহযোগী থাকছেন না। থাকছে না কোনো পূর্বনির্ধারিত আলোচ্যসূচি (এজেন্ডা)। তাঁরা অনেকটা সময় ধরে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করবেন।

মোদি ও চিন পিংয়ের এই বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেয় বলে মত বিশ্লেষকদের।

দোকলাম সংকটের মাত্র আট মাসের মাথায় মোদি ও চিন পিং যে কোনো ঘরোয়া বৈঠকে মিলিত হতে পারেন, তা অনেকের কাছেই অকল্পনীয় ছিল। তাই খুব স্বাভাবিকভাবেই নির্ধারিত বৈঠকটি ইতিমধ্যে কূটনৈতিক মহলে সাড়া ফেলেছে। হঠাৎ মোদি কেন চিন পিংয়ের সঙ্গে বৈঠক করছেন, বৈঠকে কী আলোচনা হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা কম হয়নি।

বৈঠকের ঘোষণাটি যে আকস্মিক এসেছে, এতে সন্দেহ নেই। কিন্তু বৈঠকের প্রেক্ষাপট সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে রচিত হওয়ার বিষয়টি স্পষ্ট।

দোকলাম নিয়ে উত্তেজনা কমার পর গত সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে মোদি ও চিন পিংয়ের মধ্যে বরফ গলার প্রথম সুযোগ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের একাধিক সফর ও বৈঠক হয়। গত ফেব্রুয়ারিতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার অনুষ্ঠান থেকে দূরে ছিল ভারত সরকার। এই পদক্ষেপের মাধ্যমে চীনকে একটা ইতিবাচক সংকেত দেয় ভারত। গত মার্চে চিন পিং ফের প্রেসিডেন্ট হলে তাঁকে ভূয়সী অভিনন্দন জানান মোদি। সবশেষ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে বেইজিং যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময়ই (গত রোববার) মোদির চীন সফরের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে ‘হঠাৎ’ বৈঠকের বিষয়ে সুষমা স্বরাজ একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ভারত ও চীনের মধ্যে নানা স্তরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে আসছে। এই আলোচনার অংশ হিসেবেই এবার মোদি-চিন পিং বৈঠকটি হচ্ছে।

মোদি ও চিন পিং কেন এখনই বৈঠকে বসতে রাজি হলেন, তার সম্ভাব্য কারণ দাঁড় করিয়েছেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলকা আচারিয়া। এই চীন বিশেষজ্ঞ বিবিসি বাংলাকে বলেছেন, দোকলাম সংকট দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। এই পর্যায়ে দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের তাগিদ অনুভব করছে। সম্পর্কের আরও অবনতি রোধে দুই নেতা ঘরোয়া বৈঠকের সুযোগ নিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা ফেলো শশাঙ্ক জোশি মনে করেন, দুই নেতার এই বৈঠকের পেছনে একাধিক কারণ আছে। এসব কারণের মধ্যে পারস্পরিক স্বার্থ ও ভূরাজনীতি অন্যতম।

গত বছর ভারত-চীনের উত্তেজনা চরম পর্যায়ে চলে গিয়েছিল। এই উত্তেজনার ফল যে কারও জন্যই মঙ্গলজনক না, তা বুঝতে পেরেছে নয়াদিল্লি ও বেইজিং।

ভারতের দিক থেকে বললে, দেশটিতে ২০১৯ সালে জাতীয় নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে মোদিকে ঘরোয়া রাজনীতিতে অধিক মনোযোগী হতে হবে। চীনের সঙ্গে আর কোনো বিরোধে জড়িয়ে বাড়তি ঝামেলায় পড়তে চাইবেন না তিনি।

অর্থনীতি ও সামরিক সক্ষমতায় চীন থেকে ভারত এখনো অনেক পিছিয়ে। এই অবস্থায় চীনের সঙ্গে টক্কর দিতে যাওয়া ভারতের জন্য বেশ বিপজ্জনকই বটে।

অনেক আন্তর্জাতিক বিষয়ে ভারতের দরকার চীনের সমর্থন। যেমন, ভারত পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হতে মরিয়া। কিন্তু চীনের বাধায় তা হয়ে উঠছে না। আবার পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যাপারে ইসলামাবাদের ওপর বেইজিংয়ের চাপ আশা করে নয়াদিল্লি। এ ক্ষেত্রেও নয়াদিল্লি এখন পর্যন্ত বেইজিংকে কাছে পায়নি।

সাম্প্রতিক সময়ে বিশ্ব ভূরাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ক্রমেই তা জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে বড় ধরনের বিরোধে না যাওয়াটাই ভারতের জন্য বুদ্ধির কাজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারতের নেতৃত্বও হয়তো তা অনুভব করছে।

অন্যদিকে, চীনের দিক থেকেও ভারতকে দরকার আছে। চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রকাশ্য বিরোধী ভারত। এই উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সংশয় আছে। এমন অবস্থায় ভারতের বিরোধিতা কমাতে উদ্‌গ্রীব চীন। বিআরআইয়ের পাল্টা উদ্যোগ নিয়েও চীন চিন্তিত। এখন আবার আরেক ঝামেলায় পড়েছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয়েছে বাণিজ্য-যুদ্ধ। মোদিকে পাশে পেলে চিন পিংয়ের ভালোই হয়। আর পাশে যদি পাওয়া না-ই যায়, অন্তত কোমর বেঁধে শত্রুতা থেকে দূরে রাখতে পারলেও বা মন্দ কী!

রয়াল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা ফেলো শশাঙ্ক জোশি মনে করেন, ভারত ও চীনের মধ্যে মতভেদের অনেকগুলো ক্ষেত্র রয়েছে। এই ব্যাপক মতভেদের বিষয়গুলো দুই নেতার বৈঠকে নিশ্চয়ই আলোচিত হবে।