মোদিকে আমের রসে ভজানোর চেষ্টা নওয়াজের

ভারতে আমের মৌসুম যাই যাই করছে, কিন্তু পাকিস্তান এখনো আমের সৌরভে ম ম। ফলটি আবার সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের খুব প্রিয়। এই প্রিয় ফল দিয়ে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয়ভাজন হতে চাইছেন তিনি। গত বুধবার মোদিকে তাঁর আম উপহার দেওয়ার ঘটনায় এর জোরালো আভাস মেলে।
সম্প্রতি পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে একটি বৈঠক করেন। এর জেরে পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক বাতিল করে ভারত। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে বন্ধুত্বের হাত বাড়ান। তিনি তাঁর সবচেয়ে প্রিয় ‘সিন্ধি’ ও ‘চষা’ জাতের একবাক্স আম মোদির জন্য পাঠান।
উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নওয়াজের পছন্দের ওই আমগুলো সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় গত বুধবার সন্ধ্যায় মোদির কাছে পাঠানো হয়। সূত্রমতে, নওয়াজের এ আম-কূটনীতি শুধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য নয়, এ মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে মোদির সঙ্গে নওয়াজ যে আলাদা বৈঠক করার কথা ভাবছেন, এটা তারই আভাস। এমন উদ্যোগের মাধ্যমে ভারতের মনোভাবও জানার চেষ্টা করছে ইসলামাবাদ।
নিউইয়র্কে বৈঠকের জন্য ভারতকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি পাকিস্তান। নওয়াজের আম পাঠানোর পর কেমন সাড়া পাওয়া যায়, তার জন্যই হয়তো অপেক্ষা করছে দেশটি। অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিয়ে বেসামাল অবস্থায় থাকা নওয়াজ এ মুহূর্তে ভারতের সঙ্গে কোনো সংঘাতে যেতে রাজি নন। তিনি বরং ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে চান।
মোদি ছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপরাষ্ট্রপতি হামিদ আনসারী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের জন্য আম পাঠিয়েছেন নওয়াজ।