মোল্লা মনসুরকে নেতা ঘোষণা তালেবানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে তালেবান গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে মোল্লা মনসুরকে তাদের নতুন নেতা হিসেবে ঘোষণা করেছে। আফগান সরকার গত বুধবার ও তালেবান এর পরের দিন মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করার পর এ ঘোষণা এল। খবর এএফপির।
মোল্লা ওমরের মৃত্যুর পর থেকে মোল্লা মনসুরই তালেবানের প্রভাবশালী নেতৃত্ব পরিষদ চালাচ্ছিলেন। সংগঠনটির জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম বৃহস্পতিবারই জানিয়েছিল, মোল্লা মনসুর তালেবানের হাল ধরছেন।
প্রতিষ্ঠার পর থেকে ২০ বছর ধরে তালেবানকে নেতৃত্ব দিয়েছেন মোল্লা ওমর। পাকিস্তানের এক হাসপাতালে দুই বছরের বেশি সময় আগে তিনি মারা গেলেও এ খবর এত দিন চাপা ছিল।
তালেবানের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘নেতৃত্ব পরিষদ ও আলেমরা দীর্ঘ সলাপরামর্শের পর মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী মনসুরকে নেতা নির্বাচিত করেছেন।’