ম্যাগসাইসাই পুরস্কারজয়ীদের নাম ঘোষণা
এ বছর এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাই পুরস্কার পেলেন মিয়ানমারের একজন চলচ্চিত্র তারকা ও দুই ভারতীয়সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব। গতকাল বুধবার ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক র্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশন এই পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার জানানো হয়, ২০১৫ সালের ম্যাগসাইসাই পুরস্কারের জন্য মিয়ানমারের অভিনেতা ও পরিচালক কিয়াও থু এবং ভারতের অংশু গুপ্ত ও সঞ্জীব চতুর্বেদীসহ মোট পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। মিয়ানমারের ৫৫ বছর বয়সী অভিনেতা ও পরিচালক কিয়াও থু ২০০১ সালে ইয়াঙ্গুনের দরিদ্র মানুষদের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলায় এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দরিদ্র ও নির্যাতিত মানুষদের অধিকার আদায়ে কাজ করায় ভারতের মানবাধিকার কর্মী অংশু গুপ্ত (৪৪) এবং ভারতে দুর্নীতির বিরুদ্ধে সরব ভূমিকা পালনকারী সঞ্জীব চতুর্বেদীকে (৪০) এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। অন্য দুজন হলেন ফিলিপাইনের লিগায়া ফার্নান্দো অমিলবংশা (৭২) এবং লাওসের মানবাধিকার কর্মী ও নারীবাদী নেত্রী কোমালি চান্থাভং (৭১)।