ম্যান বুকার পেলেন দক্ষিণ কোরিয়ার হ্যানি ক্যাং

মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক হ্যানি ক্যাং। তাঁর ভেজিটেরিয়ান উপন্যাসের জন্য এ বছরের ইংরেজি ভাষার সাহিত্যের গুরুত্বপূর্ণ এই পুরস্কার পেলেন তিনি।
ভেজিটেরিয়ান উপন্যাসটি মূল কোরীয় ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেন ডেবোরা স্মিথ। এবারের পুরস্কারের বিচারকদের প্যানেলের চেয়ারম্যান বয়েড টনকিন বলেন, হ্যানি ক্যাংয়ের সাহিত্যকর্ম অসম্ভব শক্তিশালী ও সহজাত। তাঁর সাহিত্যের ভাষা আবেগপূর্ণ বলেও মন্তব্য করেন টনকিন।
বুকার পুরস্কারের মূল্য ৫০ হাজার পাউন্ড। লেখক ক্যাং এবং তাঁর উপন্যাসের অনুবাদক স্মিথ এ অর্থ ভাগ করে নেবেন। এবারের বিচারকদের তালিকায় নামজাদা বেশ কয়েকজন লেখকের বই ছিল। এর মধ্যে আছেন তুরস্কের নোবেল বিজয়ী সাহিত্যিক ওরহান পামুক, ইতালির লেখক এলেনা ফেরান্তে, অ্যাঙ্গোলার কথাসাহিত্যিক জুসে এদুয়ার্দো আগুয়ালুসা, চীনা লেখক ইয়ান লিএঙ্কে এবং অস্ট্রিয়ার ঔপন্যাসিক রবার্ট সেথলার।
শাকাহারী এক নারী চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে ভেজিটেরিয়ান উপন্যাসটির কাহিনি। এই নারী মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। মানুষের ভেতরের পাশবিকতাকে প্রত্যাখ্যান করেছেন তিনি।
এই পুরস্কার বিজয় দক্ষিণ কোরিয়া তথা এশিয়ার সাহিত্যের জন্য একটি বিরাট ভূমিকা রাখবে মনে করছেন সাহিত্য সমালোচকেরা। সিউলভিত্তিক একটি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানের এজেন্ট জোসেফ লি বলেন, ‘এই সাহিত্য পুরস্কার বিজয়ের ব্যাপক প্রভাব আছে। দক্ষিণ কোরিয়ার সাহিত্যিকদের জন্য এটি একটি উদ্দীপনা হিসেবে কাজ করবে।’
দক্ষিণ কোরিয়ায় উল্লেখযোগ্য, উন্নত মানের সাহিত্য থাকলেও ভালো অনুবাদকের অভাবে এসবের বৈশ্বিক পরিচিতি নেই বলে মনে করেন সিউলের দংগুক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চার্লস মন্টগোমরি। তবে সাহিত্যের বিকাশে দক্ষিণ কোরিয়ার সাহিত্য অনুবাদ ইনস্টিটিউট একটি বিরাট ভূমিকা পালন করেছে বলে মনে করেন মন্টগোমরি।