যখন মুক্তি মেলে রেস্তোরাঁয়

জীবন যখন নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, মানুষ তখন মুক্তি খোঁজে। সেই মুক্তি যেকোনো দিক দিয়ে হতে পারে। এমনকি খাবারের রেস্তোরাঁয় গিয়েও মুক্তি মিলতে পারে! এমন ধারণা নিয়েই অস্থিতিশীল লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চালু হয়েছে বেশ কিছু রেস্তোরাঁ। সাগরের তীরে বসে মুক্ত বাতাসে প্রাণ ভরে দম নিতে নিতে নানা স্বাদের খাবার উপভোগের সুযোগ রয়েছে এসব রেস্তোরাঁয়।
রেস্তোরাঁর মাধ্যমে মানুষকে মুক্তির স্বাদ দেওয়ার এই চিন্তাটি প্রথমে আবদেল মুতালেব তিউইগিরির মাথায় আসে। তিনি টুকান নামের একটি রেস্তোরাঁ চালু করেন। তাঁর আশা, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও খদ্দেরদের একটু স্বাভাবিক জীবনের স্বাদ দেবে এই রেস্তোরাঁ। ৪৬ বছর বয়সী আবদেল এএফপিকে বলেন, ‘আমার যা প্রয়োজন, সরকারই তা দেবে বলে বসে থাকলে এর জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। জীবন তো মানুষকেই চালিয়ে নিতে হবে।’

লিবিয়া সেই ২০১১ সাল থেকে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর বিদ্রোহীদের সঙ্গে সরকারের সংঘাত-সহিংসতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক সংকট। তেলের মূল্য কমে যাওয়া, জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া, দেরিতে বেতন পাওয়া ও তারল্যের সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে।
আবদেল রেস্তোরাঁটি চালু করার পর গত তিন মাসে এখানে আরও অনেক রেস্তোরাঁ হয়েছে। মানুষের ভিড়ও বাড়ছে। আবদেলের ভাষায়, বহু মানুষ নানা যন্ত্রণায় বাস করছে। তবে মানুষ এখন বাঁচতে চায়।
স্থানীয় একটি দাতব্য সংস্থার প্রধান আবদেলকাদের আল কানুনি মনে করেন, লোকজন নিরাপদ বোধ করলে বিনিয়োগে আগ্রহী হবে।
এই ক্যাফে ও রেস্তোরাঁগুলো কিছুটা পরিবর্তনও আনতে শুরু করেছে। মিরা নামের ২৩ বছর বয়সী ফার্মেসির শিক্ষার্থী বললেন, অনেকে ক্যাফেতে সময় কাটাচ্ছেন। কেউ কেউ ফেসবুকে। আবার কেউ ক্যাফেতে বসে ফেসবুকিং করছেন। হিনদ নামের ২৫ বছর বয়সী আরেকজন বললেন, এই ক্যাফে ও রেস্তোরাঁগুলো তাদের সামাজিক জীবনের অনুভূতি এনে দিচ্ছে। বোমা পড়লে কিংবা অর্থনৈতিক কোনো সংকট দেখা দিলেও মানুষ কফির পেয়ালায় স্বস্তির নিশ্বাসটুকু ফেলার সুযোগ পাবে এখানে বসে।
