যন্ত্রাংশে ত্রুটির জেরে বিধ্বস্ত হয় এয়ার এশিয়ার বিমানটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত বছরের ডিসেম্বরে বিধ্বস্ত এয়ার এশিয়ার উড়োজাহাজটির একটি যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ ছিল। এ জন্যই পাইলট ও ক্রুরা বিমানটি শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারেননি। দুর্ঘটনার এটিই ‘বড় কারণ’। দীর্ঘ তদন্তের পর গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির কর্মকর্তারা। খবর এএফপির।
এয়ার এশিয়ার উড়োজাহাজটি গত বছর জাভা সাগরে বিধ্বস্ত হয়ে এর ১৬২ জন আরোহীর সবাই নিহত হন। এটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে গত ২৮ ডিসেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ওড়ার ৪০ মিনিট পরই এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং একপর্যায়ে দুর্ঘটনার কবলে পড়ে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিমানটির রাডার ট্রাভেল লিমিটার ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল না। পাইলট ও অন্যান্য ক্রু সদস্যরা কয়েকবার সেই সতর্ক সংকেত পেয়েছিলেন। এরপর আর বিমানটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তাঁরা। ফ্লাইটের তথ্য-উপাত্ত ঘেঁটে তদন্ত দলটি দুর্ঘটনার সঙ্গে খারাপ আবহাওয়ার কোনো সংযোগ পায়নি। প্রাথমিক তদন্তে খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।