যমজ শিশু, বাবা দুজন!
যমজ শিশু। কিন্তু তাদের বাবা দুজন! এটাও কী সম্ভব। হ্যাঁ, এটাই ঘটেছে ভিয়েতনামের হোয়া বিনহ প্রদেশে। ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ভিয়েতনামের ইংরেজি দৈনিক ভিয়েত নাম নিউজের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ পত্রিকা দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের ওই দম্পতি হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে ফেরার পর থেকে একটু সন্দেহে ছিলেন। কারণ দুই শিশুর শারীরিক গঠন ও চুল একেবারেই ভিন্ন ছিল। এক শিশুর চুল ঘন ও কোকড়ানো। অন্য শিশুটির চুল পাতলা ও সোজা।
ওই দম্পতি সন্দেহ করছিলেন, হাসপাতালে হয়তো কোনোভাবে তাদের একটি শিশুর বদলে অন্য একটি শিশু দেওয়া হয়েছে। সেই সন্দেহ কাটাতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেন তাঁরা। ডিএনএর ফল দেখে তাঁরা বিস্মিত হন। দুই শিশুর মা একজন হলেও বাবা দুজন!
ভিয়েতনামে এটাই প্রথম এ ধরনের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। এ ধরনের ঘটনা দুর্লভ হলেও অসম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিউইয়র্কের মাউন্ট সিনাই হসপিটালের ধাত্রীবিদ্যা বিভাগের পরিচালক ড. কিথ ইডলম্যান বলেন, একজন নারী অল্প সময়ের মধ্যে দুজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করলে এটা সম্ভব। তিনি বলেন, নারীর ডিম্বাণু ১২ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে। পুরুষের শুক্রাণু সক্রিয় থাকে সাত থেকে দশ দিন পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে ভিন্ন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক হলে যমজ শিশুর বাবা দুজন হওয়া সম্ভব।