যানজটে আটকা পড়ে ১২ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপের একটি মহাসড়কে টানা তিন দিনের যানজটে আটকা পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। ঈদুল ফিতর উদ্যাপনে বাড়ি ফেরার পথে জাভার ব্রেবেস শহরের বহির্গমন পথে ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার লম্বা এ যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে লাখো মানুষ।
স্থানীয় ব্যক্তিরা ব্রেবেস শহর থেকে বেরিয়ে যাওয়ার পথের টোল গেটকে ‘ব্রেক্সিট’ নামে চেনে।
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র হেমি প্রামুরাহারজো বলেন, প্রতিবছরই রমজানের শেষ দিকে ইন্দোনেশিয়ার সড়কগুলোয় যানবাহনের চাপ বাড়ে। তবে এ বছর ব্রেক্সিটে যা ঘটে গেল, তার একমাত্র কারণ এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ। তিনি বলেন, এ যানজটে আটকা পড়ে ওই তিন দিনের ক্লান্তি, পানিশূন্যতাসহ নানা স্বাস্থ্যসমস্যায় ১২ জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন প্রৌঢ়ও ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, মৃত ব্যক্তিদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ব্রেক্সিটের যানজটের কারণ সম্পর্কে প্রামুরাহারজো বলেন, ‘যে জায়গাটায় যানজটের সূত্রপাত, সেখানকার সড়ক বেশ সরু। তার ওপর সেখানে কাছেই একটি পেট্রল স্টেশন রয়েছে, যেখানে গাড়ির জ্বালানি নিতে বহু মানুষ ভিড় করেছিলেন। কাজেই সড়কে যান চলাচলের কোনো উপায় ছিল না। আর আমাদের কাছেও কোনো সমাধান ছিল না।’
যোগাযোগ মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ব্রেক্সিটের যানজটে মারা যাওয়া ওই ১২ জনসহ ইন্দোনেশিয়াজুড়ে এবারের ঈদের ছুটিতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এঁদের বেশির ভাগই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।