মাদক পাচারকারী দুই অস্ট্রেলীয় নাগরিককে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়া বলেছিল, যাবজ্জীবন দেওয়া হলে আসামিদের দণ্ডকালের সব খরচের অর্থ তারা দেবে। খবর এএফপির।
অস্ট্রেলিয়ার প্রস্তাব নাকচ করে দিলেও ইন্দোনেশিয়া ইঙ্গিত দিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের দণ্ড আগামী কয়েক সপ্তাহে কার্যকর না-ও করা হতে পারে।
প্রেসিডেন্টের কাছে করা ক্ষমার আবেদন নাকচ হওয়ার পর সম্প্রতি দুই অস্ট্রেলীয় নাগরিক এন্ড্রু চ্যান ও মাইয়ুরান সুকুমারানকে নুসাকামবাগান দ্বীপের কড়া নিরাপত্তাসম্পন্ন কারাগারে নেওয়া হয়। সেখানেই ফায়ারিং স্কোয়াডে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা।
গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়, সব দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড একত্রে কার্যকরের প্রাথমিক পরিকল্পনায় তাঁরা অটল রয়েছেন। তবে কয়েকটি আইনগত আবেদন নিষ্পত্তির জন্য অপেক্ষার কারণে দণ্ড কার্যকরের তারিখ পিছিয়ে যেতে পারে।
এর আগে ৩ মার্চ অস্ট্রেলিয়া বন্দী বিনিময়ের প্রস্তাব দেয় ইন্দোনেশিয়াকে। ইন্দোনেশিয়া সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করে।