
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৯১৭ সালে তৎকালীন প্যালেস্টাইনে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠায় সমর্থন দেওয়ার জন্য যুক্তরাজ্যকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানানো ছাড়াও তিনি প্রতিদান হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি করেন।
মাহমুদ আব্বাস বলেন, ব্যালফুর ঘোষণা অনুযায়ী ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর ফিলিস্তিনের মানুষ চরম ভোগান্তিতে পড়ে। তবে চুক্তির শর্ত অনুযায়ী সেখানে থাকা অন্য জাতির মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি। আব্বাস বলেন, ‘ওই কুখ্যাত ব্যালফুর ঘোষণার প্রায় শত বছর পর ফিলিস্তিনের মানুষকে যে সীমাহীন কষ্ট, অবিচার সহ্য করতে হয়েছে, এর জন্য যুক্তরাজ্যকে ক্ষমা চাইতে হবে। এর জন্য তাদের আইনি, রাজনৈতিক, বস্তুগত এবং নৈতিক দায়িত্ব রয়েছে। এসব স্বীকার করে ফিলিস্তিন রাষ্ট্রকে এখন তাদের স্বীকৃতি দেওয়া উচিত।’
সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস ব্যালফুরের নাম অনুযায়ী ব্যালফুর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। তবে সেই ঘোষণায় ফিলিস্তিনি ভূখণ্ডের অইহুদি অন্যান্য সম্প্রদায়ের নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার কথাও ছিল।
এদিকে বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে তাঁদের পার্লামেন্টে ভাষণ দেওয়ার অনুরোধ করেছেন। সেই সঙ্গে নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার অনুরোধ করা হলে তিনি তা সানন্দে গ্রহণ করবেন। নেতানিয়াহু ‘ঘৃণার বিপরীতে শান্তির জন্য’ কাজ করতে আব্বাসের প্রতি আহ্বান জানান।
আব্বাসের পরই নেতানিয়াহু ভাষণ দিতে আসেন। তিনি বলেন, অতীত নিয়ে কথা না বলে একে অন্যের সঙ্গে কথা বললেই কি ভালো হয় না?
মাহমুদ আব্বাস ২০১৭ সালকে ‘ইসরায়েলের দখলদারি’ অবসানের বছর হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্যও আহ্বান জানান তিনি।