যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে: জাভেদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, আমেরিকা তাঁর দেশের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। বার্তা সংস্থা তাসনিমের বরাতে রয়টার এ খবর দেয়।
‘আমেরিকার লক্ষ্য হচ্ছে ইরান ও তার ব্যবসায়িক শরিকদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো,’ জারিফ বলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ২০১৫ সালে ইরান ও পরাশক্তিগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং তেহরানের বিরুদ্ধে আবার অবরোধ আরোপ করছেন। চুক্তির অন্যান্য পক্ষ চুক্তিটি রক্ষার করার পথ খুঁজছে।
জারিফ বলেন, ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ক্ষতি করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের সরে যাওয়ার মুহূর্ত থেকে আমেরিকা তার লক্ষ্য পূরণ করতে পারেনি।
ওয়াশিংটন তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী দলগুলোকে সমর্থনদান বন্ধ করতে চেষ্টা করছে।
জাফরি বলেন, পারমাণবিক চুক্তি ইরানের ভেতরে রাজনৈতিক বিবাদের জন্ম দিয়েছে।
চুক্তিটির কট্টরপন্থী সমালোচকেরা আমেরিকা সরে যাওয়ার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কঠোর সমালোচনা করে দাবি করেন, চুক্তিটি ছিল একধরনের আত্মসমর্পণ।