
সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবারই জাপানের হিরোশিমায় পা পড়বে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। সঙ্গে থাকবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ওবামাই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট, যিনি আণবিক বোমা হামলার শিকার হিরোশিমা সফর করবেন। আর এ উপলক্ষেই নতুন করে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কের বিষয়টি।
যুক্তরাষ্ট্র হলো বিশ্বের একমাত্র দেশ, যারা আণবিক বোমার ব্যবহার করেছে। আর জাপান হলো বিশ্বের একমাত্র দেশ, যারা এই বিধ্বংসী বোমার শিকার। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমার ওপর মৃত্যুদূত হয়ে নেমে আসে মার্কিন বোমা ‘লিটল বয়’। আর ৯ আগস্ট নাগাসাকিতে ধ্বংসযজ্ঞ ঘটায় ‘ফ্যাট ম্যান’। এ দুই বোমার আঘাতে প্রাণ হারায় দুই লাখ মানুষ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার চরম শত্রুভাবাপন্ন এ দুই দেশের সম্পর্ক সাত দশক পর এসে বিশ্লেষণ করতে গেলে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হতেই পারে। সে শত্রুতার ছিটেফোঁটাও এখন খুঁজে পাওয়া যাবে না। ১৯৪৫ সালের সেই নারকীয় বোমাবর্ষণের জন্য ওবামার ক্ষমা না চাওয়ার ঘোষণাও এ বন্ধুত্বকে টলাতে পারেনি। প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি সেই দুঃসহ স্মৃতি ভুলে গেছে জাপানিরা?
হিরোশিমার হামলা থেকে বেঁচে যাওয়া তোশিকি ফুজিমোরির দৃষ্টিতে অপরাধ শুধুই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের। কারণ বোমা ফেলার নির্দেশটা তিনিই দিয়েছিলেন। তোশিকি বলেন, ‘আমার মধ্যে মার্কিনদের প্রতি কোনো ঘৃণাবোধ নেই।’
নাগাসাকিতে বেঁচে যাওয়া তেরুমি তানাকা বলেন, ওবামার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি সত্যিই তাঁর মধ্যে অনুশোচনার সৃষ্টি হয় এবং তিনি যদি বিশ্বকে পারমাণবিক বোমামুক্ত করার উদ্যোগ নেন।
শত্রুতা ভুলে জাপান ও যুক্তরাষ্ট্র কখন থেকে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল, তার উৎস সন্ধান করতে গেলে প্রথমেই আসবে মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের নাম। তাঁর নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানে ১৯৫১ সাল পর্যন্ত সাত বছরের মার্কিন দখলদারত্বকেই বলা হচ্ছে এ সম্পর্ক সূচনার শুভলগ্ন। যদিও ম্যাকআর্থারের সময়ে জাপানে যে ‘শান্তিবাদী’ সংবিধান তৈরি করা হয়, তার মাধ্যমে দেশটির সামরিক ক্ষমতাকে করা হয়েছে খর্বিত।
জাপানের বর্ষীয়ান সাংবাদিক ফুমিও মাৎসুওর মতে, ওই মার্কিন দখলদারত্বের সময়টা সহনশীলও ছিল, আবার অদ্ভুতও ছিল। এটা এমন এক দখলদারত্ব, যার নজির বিশ্বের আর কোথাও নেই।