যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে 'ছাই' বানানোর হুমকি
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘জ্বালিয়ে পুড়িয়ে ছাই’ করে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটি ওই দুটি দেশের ওপর ‘নির্বিচারে’ পরমাণু বোমা হামলা চালানোরও হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার শুরুর পর পিয়ংইয়ং এই হুমকি দেয়। খবর বিবিসির।
পিয়ংইয়ং এক বিবৃতিতে বলেছে, ‘ন্যায়বিচার নিশ্চিত করতেই’ এই পরমাণু হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এবারের যৌথ সামরিক মহড়াকে সিউল এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় মহড়া বলে দাবি করেছে। বার্ষিক এ মহড়া যখনই শুরু হয়, তখনই একে ঘিরে উত্তেজনা তৈরি হয়।
উত্তর কোরিয়ার এই হুমকিও নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়াকে তাদের দেশে আগ্রাসনের প্রচেষ্টার অংশ বলে চিহ্নিত করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল কেআরটিতে প্রচারিত সরকারি বার্তায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের প্রচেষ্টা রুখতে আমরা যথাযথ জবাব দেব।’
গত বছর এক হুমকিতে উত্তর কোরিয়া বলেছিল, তারা ওয়াশিংটনকে আগুনের সমুদ্র বানিয়ে দেবে। এ বছরের যৌথ মহড়ায় দক্ষিণ কোরিয়ার তিন লাখ সেনাসদস্য ও ১৫ হাজার মার্কিন সামরিক বাহিনীর সদস্য অংশ নিচ্ছেন। গত বছরের চেয়ে এ সংখ্যা অনেক বেশি।
তবে উত্তর কোরিয়ার হুমকির পর কোনো ধরনের দুঃসাহসী কর্মকাণ্ড ঘটালে তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে পিয়ংইয়ংকে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির মুখপাত্র মুন স্যাংগুয়েন বলেন, ‘উত্তর কোরিয়া যদি আমাদের সতর্কবার্তা বুঝতে না পারে এবং উত্ত্যক্ত করেই যায়, তবে আমাদের সেনাবাহিনী এর যথাযথভাবে জবাব দেবে।’
উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু অস্ত্র পরীক্ষা ও রকেট উৎক্ষেপণের পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার পরদিনই এ মহড়ার খবর প্রকাশিত হয়। অবশ্য উত্তর কোরিয়ার দাবি, শুধু নিজেদের ব্যবহারের জন্যই তারা এ ধরনের অস্ত্র তৈরি করছে এবং কাছের লক্ষ্যমাত্রায় আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্রগুলো সাগরে নিক্ষেপের মাধ্যমে পরীক্ষা চালানো হবে।