যুক্তরাষ্ট্র-কাতার চুক্তি 'অপর্যাপ্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার তাদের দাবি-দাওয়া না মেনে নেওয়া পর্যন্ত দেশটির ওপর অবরোধ অব্যাহত থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবসহ চার আরব দেশ। কাতারের ওপর অবরোধ আরোপ করা ওই দেশগুলো গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসবাদে অর্থায়ন’ মোকাবিলায় কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি ‘অপর্যাপ্ত’। এদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তিকে দোহার জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মঙ্গলবার দোহায় অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি সন্ত্রাস দমন নিয়ে দুই দেশের মধ্যে নতুন চুক্তির ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত জানায়, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে বিগত বছরগুলোতে কাতারের ওপর এই চার দেশ ও তাদের মিত্রদের ক্রমাগত চাপের মুখে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু এ পদক্ষেপ অপর্যাপ্ত।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএতে প্রকাশিত চার আরব দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসে অর্থায়ন, মদদদান ও আশ্রয়-প্রশ্রয় মোকাবিলায় কাতার কর্তৃপক্ষের আন্তরিকতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে তারা। এ ছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ফিরিয়ে আনাসহ তাদের দাবি-দাওয়া পুরোপুরি মানতে দোহা রাজি না হওয়া পর্যন্ত কাতারের ওপর অবরোধ অব্যাহত রাখবে এই চার দেশ।

সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চারটি আরব দেশসহ মোট সাতটি দেশ। জিসিসিভুক্ত রাষ্ট্রগুলোকে নিয়ে কাজ করা গালফ স্টেট অ্যানালাইটিকসের প্রধান নির্বাহী জর্জিও কাফিরো বলেন, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তি দোহাকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে তারা বলতে পারবে—সন্ত্রাসবাদ ও উগ্রবাদের অভিযোগ যে রাষ্ট্রগুলো তুলছে, তাদেরই তো এখনো ওয়াশিংটনের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি করা বাকি।

সৌদিতে টিলারসন: এদিকে কাতার সংকট নিয়ে আলোচনার জন্য গতকাল সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সেখানে জেদ্দায় তিনি সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহনাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন।