যুক্তরাষ্ট্র: কাবুলে সায়গনের ছায়া
আফগানিস্তানে একের পর এক এলাকা দখল করে রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির কাছে কাবুলের পতন আসন্ন বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কাবুলের মার্কিন দূতাবাসের কর্মীদের দ্রুত সরিয়ে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য আফগানিস্তানে হাজারো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই দৃশ্য যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধের চূড়ান্ত পরিণতির কথা সামনে আনছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটাই বলা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। শেষ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার আগেই দেশটির আঞ্চলিক রাজধানীগুলোর এক-তৃতীয়াংশ তালেবানের দখলে চলে গেছে। ঝুঁকির মুখে আছে কাবুল। এ অবস্থায় কাবুল থেকে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তার সঙ্গে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র যে জোর তৎপরতা শুরু করেছে, তাকে ভিয়েতনাম যুদ্ধে সায়গন পতনের সঙ্গে মেলাচ্ছেন অনেকে।
সায়গন পতনের একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যায়, একটি ভবনের ছাদ থেকে হেলিকপ্টারে করে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
কাবুলে যুক্তরাষ্ট্রের পরিণতি ভিয়েতনাম যুদ্ধের মতোই হতে যাচ্ছে—এমন কথা যাঁরা বলছেন, তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় আইনপ্রণেতা মিচ ম্যাককনেল। তিনি বলেন, মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া ও সেনা পাঠানোর খবরে মনে হচ্ছে কাবুল পতনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাইডেনের সিদ্ধান্তের ফলে কাবুলে সায়গনের চেয়েও অপমানজনক পরিণতির দিকে যুক্তরাষ্ট্র যাচ্ছে বলে মন্তব্য করেন ম্যাককনেল। ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধে পরাজয়ের পর সায়গন শহর থেকে মার্কিন নাগরিক ও সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হয়েছিল। কাবুলে সায়গনের ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন ম্যাককনেল।
তবে সায়গনের সঙ্গে কাবুলের তুলনা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে।
মার্ক মিলে বলেন, ‘আমার ভুল হতে পারে। কিন্তু কে জানে, ভবিষ্যতে কী হবে, তা আপনি অনুমান করতে না-ও পারেন। তবে আমি মনে করি না যে ১৯৭৫ সালে সায়গনে যা ঘটেছিল, তা আফগানিস্তানেও ঘটবে। তালেবানরা উত্তর ভিয়েতনামের সেনাদের মতো না। এখানকার পরিস্থিতি ভিয়েতনামের মতো নয়।’
গতকাল বৃহস্পতিবার কাবুল থেকে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে আফগানিস্তানে সেনা পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে তিন হাজার সেনা মোতায়েন করা হবে। কারিগরি ও সহায়তামূলক কাজের জন্য কাতারে পাঠানো হবে এক হাজার মার্কিন সেনা। অপর দিকে কুয়েতে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার সেনা মোতায়েনের জন্য তাদের প্রস্তুত রাখা হবে।
সেনা পাঠানোর এই মিশনকে বেসামরিক মানুষকে নিরাপদে সরানোর অভিযান (এনওই) বলতে নারাজ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কারবি। তিনি এ বিষয়ে কথা বলতে পর্যন্ত চাননি। তবে কাবুল থেকে সব মার্কিন কূটনীতিককে সরিয়ে নেওয়া হবে না বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত এনওই মিশন ‘অপারেশন ফ্রিকোয়েন্ট উইন্ড’। এই অভিযানের আওতায় ১৯৭৫ সালের ২৯ ও ৩০ এপ্রিল সায়গন থেকে ৭ হাজারের বেশি ভিয়েতনামের বেসামরিক ব্যক্তিকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছিল।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ১৪টির রাজধানী শহরের পতন হয়েছে তালেবানের হাতে। এই শহরগুলো হলো কান্দাহার, লস্করগাহ, গজনি, হেরাত, কালা-ই-নাউ, ফাইজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ, কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘান।
তালেবান যে গতিতে দখল অভিযান অব্যাহত রেখেছে, তাতে যেকোনো সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দাদের মতে, তালেবান ৩০ দিনের মধ্যে কাবুলকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আর ৯০ দিনের মধ্যে তালেবানের হাতে কাবুলের পতন ঘটতে পারে।