যুক্তরাষ্ট্র নিন্দা করে, অস্ত্র বিক্রিও করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজার ফিলিস্তিনিরা গতকাল বুধবার আরেকটি রক্তঝরা দিন কাটিয়েছে। জাতিসংঘের স্কুল ও জনাকীর্ণ বাজারে ইসরায়েলি হামলার ঘটনায় শতাধিক লোকের প্রাণ ঝরে গেছে।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে। তবে কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের গোলাবারুদের মজুত ও সরবরাহ ঠিক রাখতে তাদের কাছে নতুন করে অস্ত্র বিক্রি করবে। হামাস বলেছে, ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে তারা রকেট ছুড়েছে।

আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের ইসরায়েলি হামলার ঘটনায় ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ২০০ জন। এ নিয়ে ইসরায়েলের হামলার ২৪তম দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৬৩ জনে পৌঁছাল।

আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত জাতিসংঘের স্কুলে গতকাল চালানো ইসরায়েলের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানালেও হোয়াইট হাউসের বিবৃতিতে হামলাকারী হিসেবে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

হামাসের পাল্টা জবাব
জাতিসংঘের স্কুলে ও বাজারে হামলার পরে যুদ্ধে অটল থাকার ঘোষণা দিয়েছে হামাস। তারা বলেছে, তেল আবিবে রকেট হামলা চালিয়ে যাবে।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তেল আবিবে খোলা একটি জায়গায় গতকাল বুধবার হামাস ৮১টি রকেট হামলা চালিয়েছে।

জাবালিয়ায় স্কুলে ইসরায়েলের চালানো হামলার কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। কোস্টারিকা সফরকালে মুন বলেন, জাতিসংঘের স্কুলে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের ওপর চালানো ওই হামলা খুবই ধিক্কারজনক। তিনি এই হামলাকে ইসরায়েলের অন্যায় আচরণ হিসেবে চিহ্নিত করেন এবং সুবিচার দাবি করেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে পাঠানো এক চিঠিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আবেদন ছিল, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা। সহিংসতা বন্ধে অস্ত্র ব্যবহারের ওপর জাতিসংঘকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিবিসি, এএফপি