যুক্তরাষ্ট্রকে আইএসের হুমকি
যুক্তরাষ্ট্রকে আইএসের হুমকিমার্কিনদের সবখানে মারব, রক্তে ডুবিয়ে দেব
ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত থাকলে মার্কিনদের ওপরে ‘সবখানে’ হামলা করার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। আইএস তাদের অস্ত্র সরঞ্জামের ওপর চলমান মার্কিন বিমান হামলার প্রেক্ষাপটে এ হুমকি দিল। খবর এএফপি ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আইএস জঙ্গিদের প্রচার করা একটি ভিডিও গত সোমবার বিশ্ব গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়। ভিডিওটিতে একজন মার্কিন নাগরিকের ছবি দেখানো হয়েছে, যাকে ইরাকে মার্কিন দখলদারত্বের সময় শিরশ্ছেদ করা হয়েছিল। ভিডিওটিতে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘আমরা তোমাদের সবাইকে রক্তে ডুবিয়ে দেব।’
যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাকে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করে। দীর্ঘদিন ইরাকে দখলদারত্ব বহাল রাখার পর ২০১১ সালে মার্কিন বাহিনী দেশটি থেকে পাততাড়ি গুটিয়ে নেয়। সংখ্যালঘু খ্রিষ্টান ও ইয়াজিদি সম্প্রদায়ের মানুষকে আইএস জঙ্গিদের হাত থেকে রক্ষায় ৮ আগস্ট জঙ্গি অবস্থানে বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত সোমবার বলেছে, ইরাকে গত তিন দিনে তারা আইএসের বিরুদ্ধে ৩৫টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৯০টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।
মার্কিন বিমান হামলার সুযোেগ ইরাকি বাহিনীরও আত্মবিশ্বাস ফিরছে। সরকারি বাহিনী গতকাল তিকরিত শহর থেকে জঙ্গিদের হটাতে অভিযান শুরু করেছে।
এদিকে সিরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের সব এয়ারলাইনসের উড়োজাহাজ উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হয়েছে, দেশটিতে চলমান সংঘাত একটি ‘মারাত্মক সম্ভাব্য হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।