যুক্তরাষ্ট্রকে একঘরে করতে এক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়াতুল্লাহ আলী খামেনি।
আয়াতুল্লাহ আলী খামেনি।

যুক্তরাষ্ট্রকে একঘরে করতে ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় তেহরানের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গত বুধবার তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে তেহরান ও মস্কোকে অবশ্যই পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরান ও রাশিয়া। অন্যদিকে বাশারকে উৎখাতে সিরিয়ায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সক্রিয় সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও অধিকাংশ আরব দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে তেহরানের সম্পাদিত ঐতিহাসিক চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন। এ ঘটনার পর ইরানের সঙ্গে উষ্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টায় দেশটি সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সফরে তিনি ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

আয়াতুল্লাহ খামেনিকে উদ্ধৃত করে ইরানের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘আমাদের সহযোগিতা যুক্তরাষ্ট্রকে একঘরে করতে সক্ষম...সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত বিদ্রোহীদের ব্যর্থতার কথা অস্বীকার করা না গেলেও যুক্তরাষ্ট্র তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মিলিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান ও রাশিয়া একসঙ্গে ‘আঞ্চলিক সন্ত্রাসবাদ’ মোকাবিলা করতে সক্ষম। ইরান, সিরিয়া ও অন্য আরব দেশগুলোতে ‘সুন্নি মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর বৈরী পরিস্থিতি সৃষ্টির’ দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। তেহরানে এক ত্রিপক্ষীয় সম্মেলন শেষে প্রেসিডেন্ট পুতিন ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। টেলিভিশনে সম্প্রচারিত এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমাদের সহযোগিতা এ অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করেছে...আমরা একসঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতেও পারি।’

এদিকে পুতিনের ইরান সফরের মধ্য দিয়ে তেহরান ও মস্কোর মধ্যে যে অন্তরঙ্গতা প্রকাশ পেয়েছে, তাতে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও ইরানের সরকারবিরোধী প্রধান সুন্নি গোষ্ঠী এবং তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলেছে। সফরে পুতিন ইরানের সঙ্গে সহযোগিতাকে ‘খুবই ফলদায়ক’ বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সিরিয়া ইস্যুতে আমরা আমাদের অবস্থান সমন্বিত করার চেষ্টা করছি।’