যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিতে রাজি তুরস্ক: রাইস

মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি হয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এ দাবি করেছেন।
রাইসের উদ্ধৃতির বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রকে তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার এই নতুন চুক্তিকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন।
সম্প্রতি ইরাক ও সিরিয়ার ভূখণ্ডের একটি বড় অংশ দখল করে নিয়েছে আইএস। এই জঙ্গিগোষ্ঠীটিকে দমন করতে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালাচ্ছে। উভয় দেশের সঙ্গে তুরস্কের সীমান্ত রয়েছে। আইএসবিরোধী এই অভিযানে সক্রিয়ভাবে যোগদান ও নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিতে এত দিন অস্বীকৃতি জানিয়ে আসছিল তুরস্ক।
মার্কিন গণমাধ্যম এনবিসিকে সুসান রাইস বলেন, ‘সিরিয়ার মধ্যপন্থী বিরোধী বাহিনীকে প্রশিক্ষণ এবং ইরাক ও সিরিয়ায় অভ্যন্তরীণ কর্মকাণ্ডে অংশ নিতে সম্প্রতি তুরস্ক তাদের সামরিক ঘাঁটি ও ভূখণ্ড ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে। এটাই নতুন অঙ্গীকার। এবং আমরা একে স্বাগত জানাচ্ছি।’
তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর কোবানিতে প্রায় এক মাস ধরে আইএসের জঙ্গিদের সঙ্গে কুর্দি যোদ্ধাদের লড়াই চলছে। এতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। কুর্দি যোদ্ধাদের সহায়তা করতে কোবানিতে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। শক্তি বৃদ্ধির জন্য প্রতিবেশী তুরস্কের কাছে চলাচলের ‘করিডর’ চেয়েছে কুর্দি বাহিনী।
এই পরিস্থিতিতে সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে তুরস্ক। তবে দেশটি আইএসবিরোধী স্থল অভিযান চালাতে এবং কুর্দি যোদ্ধাদের লড়াইয়ে অংশ নিতে সীমান্ত অতিক্রম করতে দেওয়ার বিষয়টি নাকচ করেছে।