যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নৌশক্তি বাড়াচ্ছে চীন
চীনের কর্তৃপক্ষ দেশটির নৌবাহিনীর জন্য আসন্ন প্রতিরক্ষা বাজেটে নতুন বরাদ্দ দিতে পারে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সাগরে মার্কিন আধিপত্য মোকাবিলার লক্ষ্যেই বেইজিং এমন উদ্যোগ নিচ্ছে।
গত কয়েক মাসে চীনা নৌবাহিনী নিজেদের ঃতৎপরতা বাড়িয়েছে। তাদের প্রথম যুদ্ধবিমানবাহী রণতরি এখন স্বশাসিত তাইওয়ানের আশপাশে ঘুরছে। আরও কিছু নতুন চীনা যুদ্ধজাহাজ দূরদূরান্তে যাত্রার প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশে অনেক বেশি বেশি যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। তাঁর মনোভাব সম্পর্কে কিছু আন্দাজ করা কঠিন। তিনি তাইওয়ান, দক্ষিণ ও পূর্ব চীন সাগর নিয়ে যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে বেইজিংয়ের উদ্বেগের যথেষ্ট কারণ আছে। হয়তো সে কারণেই চীন এখন নৌশক্তি বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। বেইজিং-ভিত্তিক একজন এশীয় কূটনীতিক বলেন, চীনের সম্ভাবনা সংকটের মুখোমুখি হয়েছে। তাদের আশঙ্কা, ট্রাম্প যেকোনো সময় হানা দিতে পারেন। সে কারণেই প্রস্তুতি নিয়ে রাখা ভালো।
নৌবাহিনীর জন্য চীনের বাজেট বরাদ্দ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে দেশটির সামগ্রিক প্রতিরক্ষা ব্যয়ের হিসাব অনুযায়ী ২০১৬ সালে তার পরিমাণ ছিল ১৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। তারা আগামী মাসে পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে নতুন বাজেট দেবে। বিষয়টির প্রতি বিশ্লেষকেরা সতর্ক দৃষ্টি রেখেছেন। সিঙ্গাপুরের এস রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের মিলিটারি ট্রান্সফরমেশনস প্রোগ্রামের জ্যেষ্ঠ গবেষক ও সমন্বয়কারী রিচার্ড ব্রিটজিংগার বলেন, চীনা নৌবাহিনী গত ১৫ বছরে বাজেট বরাদ্দ বৃদ্ধির সুফল পেয়েছে। তারা এ জন্য ঠিক কী পরিমাণ খরচ করছে, সেটা স্পষ্ট না হলেও তাদের শিপইয়ার্ডগুলোতে রাখা সামরিক সরঞ্জামের পরিমাণ ও গুণগত মান দেখে অনেকটাই আন্দাজ করা যায়।
একসময় চীনা নৌবাহিনীর তৎপরতা কেবল উপকূলীয় কার্যক্রমে সীমিত ছিল। তবে প্রেসিডেন্ট সি চিন পিং উচ্চাভিলাষী সামরিক আধুনিকায়ের উদ্যোগ নেওয়ার পর পরিস্থিতি পাল্টেছে। ২০১৬ সালে তারা ১৮টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এসবের মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরি, ছোট যুদ্ধজাহাজ প্রভৃতিও রয়েছে। এত কিছুর পরও চীনা নৌবাহিনী যুদ্ধরাষ্ট্রের তুলনায় পিছিয়ে রয়েছে।