যুক্তরাষ্ট্রকে 'সামরিক উসকানি' বন্ধের হুঁশিয়ারি চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপের ওপর দিয়ে বি-৫২ বোমারু বিমান ওড়ানোয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘গুরুতর সামরিক উসকানির’ অভিযোগ তুলেছে বেইজিং। যুদ্ধবিমান উড়িয়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছে চীন। খবর এপির।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে এই অভিযোগ করে। বিবৃতিতে ওয়াশিংটনকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, বি-৫২ বোমারু বিমানটি নিয়মিত টহলের অংশ হিসেবেই দক্ষিণ চীন সাগরের আকাশে উড়ছিল। চীনা কৃত্রিম দ্বীপের ওপর এর যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। ‘ভুলক্রমে’ সেটি বিতর্কিত আকাশ সীমায় গিয়ে থাকতে পারে।
প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এর বরাত দিয়ে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা বলেছে, গত সপ্তাহে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ অঞ্চলে চীনের তৈরি কৃত্রিম দ্বীপের দুই নটিক্যাল মাইলের মধ্যে মার্কিন বি-৫২ বোমারু বিমান ঢুকে পড়ে।
চীন বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের পুরোটাই তার বলে দাবি করে। এর ওপর প্রতিবেশী বেশ কয়েকটি দেশেরও বিভিন্ন মাত্রায় দাবি রয়েছে।
বিতর্কিত এলাকায় মার্কিন বোমারু বিমান উড্ডয়নের বিষয়ে গত বুধবার বেইজিংয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় চীন। এর পাশাপাশি গতকাল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই ঘটনা ওই এলাকায় সামরিক উত্তেজনার সৃষ্টি করবে এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জটিল করে তুলবে।
তবে মার্কিন নৌ-কমান্ডার ও পেন্টাগনের মুখপাত্র বিল আরবান বলেন, তাঁদের বি-৫২ বিমান নিয়মিত সেখানে প্রশিক্ষণ মহড়া দেয়। বিতর্কিত ওই অঞ্চলের ১২ নটিক্যাল মাইলের মধ্যে বিমানগুলো ঢোকে না। তিনি বলেন, চীনের এই অভিযোগ তাঁর দেশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে।