যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হামলার হুমকি আইএসের
ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলা চালানোর পর এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনসহ বিশ্বের বিভিন্ন দেশে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ সোমবার এক ভিডিও বার্তায় এ হুমকি দেওয়া হয় বলে রয়টার্সের খবরে জানানো হয়।
খবরে বলা হয়, আইএস বলেছে, সিরিয়া ও ইরাকে তাদের (আইএস) বিরুদ্ধে যেসব দেশ হামলা চালাচ্ছে, তাদেরও ফ্রান্সের ভাগ্য বরণ করতে হবে।
ভিডিও বার্তায় পাগড়ি পরা এক ব্যক্তি এই অভিযানকে ‘ধর্মযুদ্ধ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমরা ওই সব রাষ্ট্রগুলোকে বলে দিতে চাই, যারা “ধর্মযুদ্ধে” অংশ নিচ্ছেন, আল্লাহর নামে বলছি, আল্লাহর ইচ্ছায় তোমাদের জন্যও সেদিন আসছে, যেমনটি আমরা ফ্রান্সের প্যারিসে ঘটিয়েছি। আমরা শপথ করে বলছি, আমরা ওয়াশিংটনেও হামলা চালাব।’
তবে ওই ভিডিও বার্তা যে আইএসের, এ ব্যাপারে অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।