যুক্তরাষ্ট্রে হামলার হুমকি উত্তর কোরিয়ার
হোয়াইট হাউস, পেন্টাগনসহ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সনি পিকচার্সে বড় ধরনের সাইবার হামলার জন্য যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়াকে দায়ী করার কয়েক দিন পর বিবৃতির মাধ্যমে দেশটি এ হুমকি দিল। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে এসেছে উত্তর কোরিয়া। খবর রয়টার্স ও বিবিসির।
উত্তর কোরিয়ার এ হুমকি সনি পিকচার্সে সাইবার হামলার পরিপ্রেক্ষিতে চলমান বাগযুদ্ধকে আরও বাড়িয়ে দিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যার কাল্পনিক কাহিনির ওপর ভিত্তি করে সনি দি ইন্টারভিউ নামের একটি বিদ্রূপাত্মক চলচ্চিত্র নির্মাণের কারণেই দেশটির হ্যাকাররা ওই সাইবার হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, উত্তর কোরিয়া তা অস্বীকার করেছে।
সরকারি বিবৃতির বরাত দিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার জনগণ ও সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সাইবার যুদ্ধসহ সব ধরনের যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘হোয়াইট হাউস, পেন্টাগন এবং সমগ্র যুক্তরাষ্ট্রে তথা সন্ত্রাসবাদের আস্তাকুঁড়ে আমাদের তীব্র সাহসী পাল্টা হামলা চালানো হবে, যা ওবামা ঘোষিত হামলাকে ছাড়িয়ে যাবে।’