যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর এবার পাল্টা বাণিজ্য কর আরোপ করবে চীন

তিন দিন আগে চীনা পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দিল চীন। তারাও সমপরিমাণ মার্কিন পণ্যের শুল্ক দ্বিগুণ করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবারে প্রায় ২০ হাজার কোটি টাকার সমমূল্যের চীনা পণ্যে শুল্কের হার দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে চীন বলছে, জুনের ১ তারিখ থেকে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া প্রায় ছয় হাজার কোটি টাকার পণ্যে শুল্ক হার বাড়াবে।
বিবিসির ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ হাজার পণ্যে শুল্কের হার বাড়াতে যাচ্ছে চীন। কোনো কোনো পণ্যের ক্ষেত্রে এই হার ৫ শতাংশ থেকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। নতুন এই পদক্ষেপের বিষয়টি মন্ত্রিপরিষদের ট্রাফিক পলিসি কমিশন একটি বিবৃতি মাধ্যমে জানিয়েছে চীন।
চীনের এই পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, চীনের এমন প্রতিহিংসাপরায়ণ হওয়া উচিত হবে না। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোবে। ট্রাম্প বলেছেন, বহু বছর ধরে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নানা সুবিধা নিয়েছে। শুল্ক হার বাড়ানোর পরে চীনা পণ্যগুলো না নিয়ে অন্য উৎস থেকে সেগুলো কেনার জন্য যুক্তরাষ্ট্রের ভোক্তাদের আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
তবে চীনের ওই ঘোষণার প্রভাব এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পড়তে শুরু করেছে। পাল্টাপাল্টি এই ঘোষণার যুদ্ধে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ওয়াল স্ট্রিটে দরপতনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই ঘোষণায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। ফোর্ড ও জেনারেল মোটরস মতো গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ারের দাম ২ শতাংশ নেমে গেছে।
যুক্তরাষ্ট্রের দাবি, চীনের সঙ্গে তাদের যে বাণিজ্য ঘাটতি সে জন্য চীন দায়ী। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ফার্মগুলো থেকে চীনের প্রতিষ্ঠানগুলো বুদ্ধিবৃত্তি সম্পদ চুরি করছে বলেও অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে এসব বিষয় সমাধানে ট্রাম্পের নেওয়া শুল্কহার বাড়ানোর যে পদক্ষেপ, তাতে দ্বিমত পোষণ করেছেন তাঁর নিজস্ব অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি ক্যাডলো। তাঁর মতে, এই ঢিল ছোড়াছুড়িতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবেন।