যুক্তরাষ্ট্রের ১০০ বছরকে ছাড়াল চীনের তিন বছর

যুক্তরাষ্ট্র গোটা বিংশ শতাব্দীতে যে পরিমাণ সিমেন্টের ব্যবহার করেছে, চীন কিনা মাত্র তিন বছরে (২০১১-২০১৩) ব্যবহার করেছে তার চেয়ে অনেক বেশি! এই তথ্য অবিশ্বাস্য মনে হলেও পরিসংখ্যান বলছে, ঘটনা সত্য। চীনের বিস্ময়কর গতির নগরায়ণই এর কারণ।
চীনে প্রতিবছর দুই কোটি মানুষ গ্রাম থেকে বিভিন্ন শহরে আসছেন। তাঁদের জন্য নির্মাণ করা হচ্ছে নতুন আবাসন। উঠছে একের পর এক গগনচুম্বী ভবন। এ ছাড়া বিমানবন্দর, রেলপথ, রাস্তাঘাট, কলকারখানাসহ নানা অবকাঠামো তৈরি তো চলছেই। এসব নির্মাণকাজের জন্য জরুরি উপাদান হলো সিমেন্ট। দেশটিতে এখন তার ব্যবহার হচ্ছে শিল্পোন্নত ও শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার পরিসংখ্যান বলছে, গত ১০০ বছরে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে বড়জোর ৪ দশমিক ৪ গিগাটন সিমেন্টের ব্যবহার করেছে। এদিকে, লন্ডনভিত্তিক শিল্পবিষয়ক প্রকাশনা ইন্টারন্যাশনাল সিমেন্ট রিভিউয়ে বলা হয়েছে, চীনে ২০১১ থেকে ২০১৩ সালে ৬ দশমিক ৪ গিগাটন সিমেন্ট ব্যবহৃত হয়। দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়, চীনে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ সিমেন্ট ব্যবহার করা হচ্ছে, তা সত্যি বিস্ময়কর।