যুগান্তকারী সফরে হংকংয়ে চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এক যুগান্তকারী সফরে গতকাল বৃহস্পতিবার হংকং পৌঁছেছেন। চীনের কাছে হংকংকে পুনরায় যুক্তরাজ্যের হস্তান্তরের ২০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ সফর করছেন। এদিকে সির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের কারণে গতকাল ২০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে।
২০১৩ সালে চীনের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটাই হংকংয়ে সির প্রথম সফর। আধা স্বায়ত্তশাসিত হংকংয়ের স্বাধীনতার ওপর বেইজিংয়ের হস্তক্ষেপের আশঙ্কা যখন দিন দিন বেড়েই যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সি তিন দিনের সফরে হংকং এলেন। স্ত্রী ও গায়িকা পেং লিউয়ানের সঙ্গে এয়ার চায়নার একটি বিমানযোগে সি নগরীর প্রধান চেক ল্যাপ কোক বিমানবন্দরে পৌঁছেন।
বৃহস্পতিবার সকালে প্রতিবাদ বিক্ষোভের কারণে ২০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে হংকংয়ের তরুণদের মধ্যে বেইজিংয়ের প্রতি বিদ্বেষ বেড়ে গেছে।