
উত্তর কোরিয়া সংকটের পরিপ্রেক্ষিতে যেকোনো ধরনের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জা-ইন নিজেদের মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে এই আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সফররত সামরিক কর্মকর্তাদের উদ্দেশে মুন জা-ইন বলেন, এই সমস্যার কূটনৈতিক সমাধানই কাম্য।
উত্তর কোরিয়া গত সোমবার হুমকি দিয়েছে, এই অঞ্চলে কোনো যুদ্ধ বাধলে তা পরমাণু যুদ্ধে পরিণত হবে। দেশটির গণমাধ্যম কেসিএনএতে এই সতর্কবার্তা দেওয়া হয়। এই হুমকির পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে যুদ্ধ এড়ানোর আহ্বান এল। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, যুক্তরাষ্ট্রও চাইছে কূটনৈতিকভাবে সংকটের নিরসন করতে। তবে সামরিক পদক্ষেপও প্রস্তুত আছে।
গতকাল চীনের বাণিজ্যমন্ত্রী উত্তর কোরিয়া থেকে নানা পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। জাতিসংঘ-ঘোষিত অর্থনৈতিক অবরোধের আলোকে চীন এই সিদ্ধান্ত নিয়েছে।
নিজের উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট মুন জা-ইন বলেন, ‘দক্ষিণ কোরিয়া জাতীয় নিরাপত্তাতেই সর্বোচ্চ গুরুত্বারোপ করে। আর শান্তিতেই আমাদের জাতীয় স্বার্থ নিহিত রয়েছে।’ পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম ঘাঁটির কাছাকাছি এলাকায় তারা হামলা চালাতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বসে নেই। সাফ জানিয়েছেন, যেকোনো হুমকির কড়া জবাব পাবে পিয়ংইয়ং।