যুদ্ধ স্মৃতির টানে ভিয়েতনামে

ভিয়েতনাম যুদ্ধের সময় বে হাপ নদীর কূলে প্রতিপক্ষের এক সেনাকে গুলি করে মেরেছিলেন মার্কিন মেরিন বাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট আজকের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দীর্ঘ অর্ধ শতাব্দী পর গত শনিবার মেকং বদ্বীপের সেই জায়গাটি ঘুরে দেখলেন তিনি।
জন কেরিকে সবকিছু যিনি ঘুরিয়ে দেখান তাঁর নাম ভো বান তাম। বান তাম সেদিনের লড়াইয়ে কেরির প্রতিপক্ষের একজন সেনা কর্মকর্তা ছিলেন। এক সময়ের দুই ‘জানি দুশমন’ হাত মেলালেন। গভীর আবেগে পরস্পরকে জড়িয়ে ধরলেন। এক সময় স্মৃতিচারণায় মেতে উঠলেন সেদিনের দুই প্রতিদ্বন্দ্বী যোদ্ধা।
ভো বান তামের বর্ণনায়, ১৯৬৯ সালের ২৮ ফেব্রুয়ারি বে হাপ নদীতে মার্কিন সেনাদের একটি ছোট সামরিক নৌযান টহল দিচ্ছিল। নৌকাটিকে তাক করে নদীর পাড়ে রকেট লঞ্চার নিয়ে ওত পেতে ছিল গেরিলারা। ওই গেরিলাদের মধ্যেই ছিলেন বান তাম। অন্যদিকে জন কেরি ছিলেন মার্কিন টহল নৌকায়।

বান তাম জানান, মার্কিন নৌকাটিকে রকেট লঞ্চারের নাগালের মধ্যে আসার জন্য প্রলুব্ধ করতে তাঁরা গুলি ছোড়া শুরু করেন। কেরি অবশ্য তাঁদের দিকে তাক করা রকেট লঞ্চার দেখে ফেলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে নৌকা সেদিকেই চালিয়ে দেন। একপর্যায়ে তিনি এম-১৬ রাইফেল দিয়ে গুলি করে রকেট লঞ্চার পরিচালনায় নিয়োজিত গেরিলা যোদ্ধাকে মেরে ফেলেন।
বান তাম জন কেরিকে বলেন, তাঁর গুলিতে নিহত ওই গেরিলা যোদ্ধার নাম বা থান। ভিয়েত কং বাহিনীর কা মাউ প্রদেশের মূল সেনা বাহিনীর যোদ্ধা ছিলেন তিনি। ওই সময় কেরির বয়স ছিল ২৬ বছর আর তাঁর গুলিতে নিহত বা থানের বয়স ছিল ২৪ বছর। বান তাম তাঁর সহযোদ্ধা বা থানকে ‘অত্যন্ত ভালো যোদ্ধা’ বলে উল্লেখ করেন। জন কেরি বলেন, তিনি নিহত ওই সেনার নাম পরিচয় বা বয়স কিছুই এত দিন জানতেন না। কেরি মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় সমালোচকেরা অভিযোগ করেছিলেন, তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় একজন অপ্রাপ্তবয়স্ককে হত্যা করেছিলেন। আর এত দিনে কেরি জানলেন, ওই যোদ্ধা নাবালক ছিলেন না।
বান তাম তাঁর সাবেক শত্রু কেরিকে জানান, তিনি এখন একজন চিংড়ি খামারি। কেরি তাঁকে বলেন, এত দিন পরও যে তাঁরা দুজন বেঁচে আছেন এবং ঘনিষ্ঠ হয়ে কথা বলতে পারছেন তা তাঁকে আনন্দিত করেছে।
জন কেরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর সর্বশেষ বিদেশ সফরের অংশ হিসেবে ভিয়েতনামে গিয়েছিলেন। তাঁর একজন সহকারী এএফপিকে জানান, হ্যানয়ের হোটেল কক্ষে বসে কেরি গুগল আর্থের ম্যাপে তাঁর স্মৃতিবিজড়িত যুদ্ধের স্থানটি খুঁজছিলেন। পরে খোঁজ-খবর নিয়ে সেখানে নিজে উপস্থিত হন।