যুদ্ধজাহাজ থেকে হুতি বিদ্রোহীদের ওপর গোলাবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের এডেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধজাহাজ থেকে গতকাল মঙ্গলবার শিয়া হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। চিকিৎসক এবং সরকারি সূত্র বলছে, গতকাল মঙ্গলবারের হামলায় এডেনে ১৮ জন নিহত হয়েছে। খবর এএফপির।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির সমর্থক-সেনাদের সঙ্গে জোর লড়াই হয় হুতিদের। বন্দরনগর এডেনের মুয়াল্লা এলাকায় হুতিরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে দুই পক্ষের লড়াই শুরু হয়। কয়েক দিন ধরে এই বন্দর এলাকায় জোর লড়াই চলছে। ইয়েমেনের সামরিক সূত্র বলছে, গতকালের লড়াইয়ে হাদির সমর্থক চার সেনা নিহত হয়। আহত হয় ১২ জন। হুতি বিদ্রোহী নিহত হয় ছয়জন। এ সময় অদূরে সাগরে থাকা সৌদি যুদ্ধজাহাজ থেকে হুতিদের ওপর গোলাবর্ষণ করা হয়।
১৪ দিন ধরে চলা লড়াইয়ে পানি, বিদ্যুৎসহ নানা পরিষেবাবিহীন এডেনের পরিস্থিতি চরমে উঠেছে। স্থানীয় এক সমাজকর্মী মোহাম্মদ আল-মাকাওই বলেন, ‘একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক সবাই নিজেদের বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছে। এসব অস্ত্র চালানোর মতো কোনো প্রশিক্ষণ নেই কারও।’
এ পর্যন্ত নিহত ৫৪০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল বলেছে, ১৯ মার্চ থেকে চলা যুদ্ধে ইয়েমেনে এ যাবৎ ৫৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৭০০ মানুষ। গতকাল রেডক্রস ঘোষণা করেছে, আগামী দুই দিনের মধ্যে তারা ইয়েমেনে ৪৮ টন চিকিৎসাসামগ্রী ও অন্যান্য সরঞ্জাম পাঠাবে।
পাকিস্তান সিদ্ধান্ত নেয়নি: পাকিস্তান জানিয়েছে, ইয়েমেনে অভিযান চালানো আরব বাহিনীর জোটে যোগ দিতে তারা তাড়াহুড়ো করবে না। গতকাল ওই জোটে যোগদান বিষয়ে পাকিস্তান পার্লামেন্টের আলোচনার সময় এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পার্লামেন্টের আলোচনায় একজন এমপিও এর পক্ষে মত দেননি। নওয়াজ ইয়েমেনের নিরাপত্তাসংক্রান্ত আলোচনায় ইরানকে যুক্ত করার প্রস্তাব দেন। প্রসঙ্গত, ইয়েমেনের যুদ্ধে আরব বাহিনীর জোটে যোগ দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।