যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা

সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাস রকেট হামলা চালিয়ে যাচ্ছে—এমন অজুহাতে আজ রোববার আবারও গাজায় বিমান, স্থল ও নৌ হামলা শুরু করেছে ইসরায়েল। সকালে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবিসির অনলাইনের খবরে বলা হয়, জাতিসংঘের অনুরোধে ও মানবিক কারণে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এ যুদ্ধবিরতি আজ স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত জারি থাকার কথা। তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই হামাস রকেট ছুড়েছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। পাল্টা অভিযোগ তুলে হামাস বলেছে, গতকাল যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি আরও হামলার প্রস্তুতি নিচ্ছে।
তেল আবিব আগেই সতর্ক করে বলেছিল, হামাস অস্ত্রবিরতি লঙ্ঘন করলে তাদের সেনাবাহিনী গাজায় ফের হামলা শুরু করবে।
হামাসও জানিয়েছিল, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দেওয়া না হলে তারা যুদ্ধবিরতি গ্রহণ করবে না।
গত ১৯ দিনে গাজায় ইসরায়েলের প্রায় একতরফা বর্বর হামলায় এক হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়া হামাসের ছোড়া রকেট হামলায় ইসরায়েলের ৪৬ জন নিহত হয়েছে।