যুদ্ধবিরতি মানছে না দুই বিদ্রোহী গোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রভাবশালী একটি ইসলামপন্থী গোষ্ঠী ও অপর এক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মানা হচ্ছে না। দেশটির মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি সংগঠন এ কথা জানিয়েছে। কয়েক দিনের প্রচণ্ড লড়াইয়ের পর তারা ওই চুক্তিতে উপনীত হয়েছিল।
পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে গত ৬ অক্টোবর থেকে লড়াই চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ইসলামপন্থী গোষ্ঠী আহরার আল-শাম ও আরেক বিদ্রোহী গোষ্ঠী জুনদ আল-আকসা। এ লড়াই থামাতে গত সোমবার চুক্তি হয়। কিন্তু পরদিনই গতকাল মঙ্গলবার তাদের মধ্যে ফের প্রচণ্ড লড়াই বাধে।
অবশ্য এ লড়াইয়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইয়ে অতীতে এ দুই গোষ্ঠী মিলেমিশে কাজ করেছে। দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অভিযোগ, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জুনদ আল-আকসার যোগাযোগ রয়েছে। আর আইএস সিরীয় বিদ্রোহীদের নিশানা করছে।