যুদ্ধবিরতি শেষ ইয়েমেনে আবার বিমান হামলা
পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতি শেষে ইয়েমেনে শিয়াপন্থী হুতিদের ওপর আবার বিমান হামলা শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এদিকে শিয়াপন্থীদের অনুপস্থিতিতেই সৌদি আরবে ইয়েমেনের রাজনৈতিক দলগুলো চলমান সমস্যার সমাধানে আলোচনা শুরু করেছে। খবর রয়টার্স ও বিবিসির।
যুদ্ধবিরতির সময় শেষ হয় গত রোববার রাত ১১টায়। এর কয়েক ঘণ্টা পরেই হামলা শুরু হয়। রোববার ইয়েমেনের এডেন শহরে রাতভর হামলা চলে। এডেন ছাড়াও ওই রাতের সংঘর্ষে তিয়াজ ও ধালিয়া মহরে ১৫ জন নিহত হয়। ইয়েমেনের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে যুদ্ধ চলছে। এর পাশাপাশি সৌদি আরব ইয়েমেন সীমান্তে হুতিদের ওপরও গোলাবর্ষণ করেছে গতকাল সোমবার। সৌদি আরবের একটি সেনা চৌকিতে হুতিরা গুলি ছোড়ার পর এই হামলা চালানো হয় বলে রাষ্ট্রনিয়ন্ত্রিত সৌদি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়।
এদিকে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন সমস্যার সমাধানে সৌদি আরবের রিয়াদে আলোচনা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে মূলত ইয়েমেনের রাজনৈতিক দলগুলো। তবে এই আলোচনায় মূল প্রতিপক্ষ হুতিদের কোনো প্রতিনিধিত্ব নেই। আলোচনার উদ্বোধন করে ইয়েমেনে জাতিসংঘের দূত ইসমাইল ওলদ শেখ আহমেদ আরও পাঁচ দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান। তিনি বিমানবন্দর, প্রধান সড়ক, যানবাহনে হামলা চালানো থেকে বিরত থাকতেও বিবদমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
ইয়েমেন-সংকট নিরসনে সৌদি আরবে আলোচনা আয়োজনের সমালোচনা করেছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি গতকাল বৈরুতে বলেন, ‘ইয়েমেন যুদ্ধের একটি পক্ষ সৌদি আরব। তাই তারা এই আলোচনার আয়োজন করতে পারে না। অন্য কোনো দেশে নিরপেক্ষ স্থানে এই আলোচনা হওয়া উচিত।’
সৌদি আরবে জাতিসংঘের দূতের যুদ্ধবিরতির আহ্বান সৌদি জোট বাহিনী রক্ষা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন আবদুল্লাহ। গতকাল তিনি অভিযোগ করেছেন, শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। তবে তিনি জানান, ত্রাণ-সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর জন্য রাজধানী সানার বিমানবন্দর, এডেন ও হোদাইদা সমুদ্রবন্দরকে হামলার বাইরে রাখা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইয়েমেনে শেষ হওয়া ‘মানবিক যুদ্ধবিরতি’র মেয়াদ বাড়ানোর জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে তিনি বলেছেন, হুতিদের তৎপরতার ফলে এই মেয়াদ বৃদ্ধি জটিল হয়ে পড়েছে।
গত মঙ্গলবার থেকে পাঁচ দিনের যুদ্ধবিরতি শুরু হয়।