যুদ্ধবিরতি সত্ত্বেও ইয়েমেনে লড়াই অব্যাহত
ইয়েমেনে ত্রাণ তৎপরতার স্বার্থে বিমান হামলা স্থগিত করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। তবে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের আহ্বান সত্ত্বেও বিভিন্ন এলাকায় জোট-সমর্থিত বাহিনীগুলোর সঙ্গে শিয়া হুতি যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
রাজধানী সানাসহ ইয়েমেনের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণে থাকা হুতি বিদ্রোহীরা বলেছে, গ্রিনিচ মান সময় রোববার রাত নয়টায় (স্থানীয় সময় মধ্যরাত) শুরু হওয়া একতরফা যুদ্ধবিরতির বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির সরকারের সমর্থনে গত মার্চ থেকে বিমান হামলা চালিয়ে আসা জোট পাঁচ দিনের ওই যুদ্ধবিরতি ঘোষণা দেয়। জোট বলেছে, যেকোনো সামরিক তৎপরতার জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে। কিন্তু হুতি বিদ্রোহীদের কয়েক দফা নতুন হামলার মুখেও গতকাল ইয়েমেনের কোথাও জোটের বিমান হামলার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সামরিক সূত্রগুলোর ভাষ্যমতে, গতকাল দক্ষিণাঞ্চলীয় তায়েজ, লাজ ও ধালেহ প্রদেশগুলোর বিভিন্ন এলাকায় ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করেছে হুতিরা। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট-সমর্থিত বাহিনীগুলো পাল্টা গোলা নিক্ষেপ করে হামলার জবাব দিয়েছে।