যুদ্ধবিরতিতেও থেমে নেই ইসরায়েলি ট্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেও গাজায় আজ ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে প্রাণ গেছে দুই শিশুসহ আটজনের। ছবি: রয়টার্স
৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেও গাজায় আজ ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে প্রাণ গেছে দুই শিশুসহ আটজনের। ছবি: রয়টার্স

৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আজ শুক্রবার গ্রিনিচ সময় অনুযায়ী ভোর পাঁচটা থেকে ওই যুদ্ধবিরতি শুরু হয়েছে।
এএফপি ও রয়টার্সের খবরে জানানো হয়, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর গাজায় আবার আঘাত হেনেছে ইসরায়েলি ট্যাংকের গোলা। প্রাণ গেছে দুই শিশুসহ অন্তত আটজন ফিলিস্তিনির। এ নিয়ে ইসরায়েলের হামলার ২৫তম দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৪৫০ জনে।
স্থানীয় উদ্ধারকারী দলের মুখপাত্র আশরাফ আল কুরদ জানান, খান ইউনুসে চালানো ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন।
গাজার জরুরি সেবা সংস্থাগুলো বলছে, গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় ৪৪ জন নিহত হয়। ২৫ দিনের হামলায় এক হাজারেরও বেশি আহত হয়েছে।
গত বুধবার জাতিসংঘের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত স্কুলে ও জনাকীর্ণ বাজারে ইসরায়েলি হামলার ঘটনায় শতাধিক লোকের প্রাণ ঝরে গেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে। তবে কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের গোলাবারুদের মজুত ও সরবরাহ ঠিক রাখতে তাদের কাছে নতুন করে অস্ত্র বিক্রি করবে। জাতিসংঘের স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল নতুন হুংকার দিয়েছেন। তিনি বলেছেন, হামাসের তৈরি সব সুড়ঙ্গ ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল গাজায় অভিযান চালিয়ে যাবে। নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি থাক বা না থাক, ইসরায়েল সব সুড়ঙ্গ ধ্বংস করতে বদ্ধপরিকর।

ইসরায়েল সংরক্ষিত সেনাবাহিনী থেকে ১৬ হাজার অতিরিক্ত সেনা তলব করেছে। ওই সেনা যোগ হলে ইসরায়েলের সেনাবাহিনীর সংখ্যা দাঁড়াবে ৮৬ হাজারে।

গাজা থেকে হামাস রকেট ছুড়ছে—এই অজুহাত তুলে গত ৮ জুলাই ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রথম দিকে বিমান হামলায় তা সীমাবদ্ধ থাকলেও হামাসের সুড়ঙ্গ ধ্বংস করার কথা বলে ১৭ জুলাই থেকে শুরু হয় স্থল অভিযান। হামাস অস্ত্র পাচার ও ইসরায়েলে চোরাগোপ্তা হামলা চালাতে ওই সব সুড়ঙ্গ ব্যবহার করে বলে অভিযোগ আছে। তবে ইসরায়েল জবাবে প্রত্যাঘাত করছে বহুগুণ শক্তি দিয়ে এবং তাদের হামলায় নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশুসহ বেসামরিক লোক।