যুদ্ধবিরতির আগে সানায় সৌদি বাহিনীর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের একটি অস্ত্রভান্ডারে গতকাল মঙ্গলবার নতুন করে
হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। আড়াই মাস ধরে ইয়েমেনে চলা যুদ্ধে প্রথম বিরতি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলা হলো। খবর এএফপির।
গতকাল টানা দ্বিতীয় দিনের মতো এই হামলা চালায় জোট বাহিনী। সানার পূর্বাঞ্চলের সামরিক ঘাঁটি মাউন্ট নোকামের অস্ত্রভান্ডারে এই হামলা চলে। এর আগে গত সোমবার দুই দফা হামলায় পাঁচজন নিহত হয়। আহত হয় ২০ জন। নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক মানুষ।
গতকাল রাত ১১টা থেকে পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতি শুরুর ঘোষণা ছিল। যুদ্ধের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতেই এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।
সৌদি আরব বলেছে, শর্ত সাপেক্ষে এই যুদ্ধবিরতি দেওয়া হয়েছে। এর সুযোগ নিয়ে বিদ্রোহীরা সামরিক প্রস্তুতি বাড়ানোর চেষ্টা করবে না, এমনটাই শর্ত আছে।
গতকাল যুদ্ধবিরতি শুরু হলে সেটি হবে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া জোট বাহিনীর হামলার পর প্রথম বিরতি। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দুরাব্বো মানসুর হাদির পক্ষে জোট বাহিনীর এই হামলা চলছে।
যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। দেশটি মনে করছে, এর সময়সীমা বাড়তে পারে। এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও বলছে, পাঁচ দিনের যুদ্ধবিরতি যথেষ্ট নয়। দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে আরও সময়ের দরকার।
এদিকে গতকালের হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
ইয়েমেনে যুদ্ধবিরতির সময় ব্যাপক ত্রাণ কার্যক্রম চালানোর প্রস্তুতি নিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো। জাতিসংঘ খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র এরিজাবেথ বায়ার্স বলেন, ‘আমরা সাড়ে সাত লাখ মানুষের কাছে জরুরি খাদ্য পৌঁছে দিতে প্রস্তুত।’ সংস্থাটি অপুষ্টিতে ভোগা ২৫ হাজার শিশুর জন্যও বিশেষ খাদ্য সহায়তা দেবে।
যুদ্ধবিরতি শুরুর আগে গতকালই ইয়েমেনে গিয়ে পৌঁছেছেন জাতিসংঘের দূত ইসমাইল ওলদ শেখ আহমেদ। গত এপ্রিল মাসে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল।