যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই চলছে ইসরায়েলি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বেপরোয়া হামলায় গতকাল শনিবার গাজায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে আরও দুজন। এ নিয়ে ফিলিস্তিনে নিহতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯৬০ জনে। এদিকে গাজায় নতুন করে সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও আল-জাজিরার।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, শনিবার সকালে তারা গাজার ৩৩টি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে পাঁচটি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সেগুলো আঘাত হেনেছে।
তিন দিনের যুদ্ধবিরতি শেষে শুক্রবার থেকে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শনিবার সকালে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়। এদের মধ্যে বিমান হামলায় বিধ্বস্ত একটি মসজিদের ধ্বংসাবশেষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
গাজায় হামলার প্রতিবাদে পশ্চিম তীরে গত শুক্র ও গতকাল শনিবার ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মিসর। কায়রোর মধ্যস্থতাকারীরা বলছেন, যুদ্ধবিরতির ব্যাপারে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আলোচনায় অগ্রগতিও হয়েছে।
গাজায় গত ৭ জুলাই ইসরায়েল হামলা শুরু করে। এতে এ পর্যন্ত অন্তত এক হাজার ৯৬০ জন প্রাণ হারায়। জাতিসংঘের তথ্যমতে, নিহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যার একটি বড় অংশ নারী ও শিশু।
যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাওয়া মিসর যত দ্রুত সম্ভব উভয় পক্ষকে আলোচনার সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। মিসর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাদা আলোচনা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ও হামাস পরস্পরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একসঙ্গে আলোচনায় না বসার কথা জানিয়ে দিয়েছে। হামাস ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না, আর ইসরায়েল হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে।
কায়রোতে ফিলিস্তিনি আলোচক দলের প্রধান আজ্জাম আল আহমেদ বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের বলেছি, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত চুক্তির জন্যই এই আলোচনায় যোগ দিয়েছি।’
গাজায় সহিংসতা শুরুর নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, বেসামরিক নাগরিকদের প্রাণহানি ‘অসহনীয়’।
হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট এ সহিংসতার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ‘টেকসই যুদ্ধবিরতির’ জন্য কাজ করার আহ্বান জানান।