যুদ্ধে সিরিয়া সংকটের সমাধান হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের দানাং শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
ভিয়েতনামের দানাং শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

সামরিক শক্তি প্রয়োগ করে সিরিয়ায় চলমান সংকট সমাধান করা যাবে না। রাজনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের চেষ্টা করতে হবে। ভিয়েতনামের দানাং শহরে আজ শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভিয়েতনামে আসেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার সম্মেলনের প্রথম দিনে এই দুই দেশের প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়।

শনিবার সকালে সম্মেলন চলাকালে পার্শ্ববৈঠকে মিলিত হন দুই নেতা। বৈঠক শেষে গণমাধ্যমের কাছে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, পুতিন ও ট্রাম্প তাঁরা দুজনই একমত হয়েছেন, সিরিয়া সংকট সামরিক শক্তি দিয়ে সমাধান করা যাবে না। রাজনৈতিক উপায়ে এ সংকটের একটা পূর্ণাঙ্গ সমাধান খোঁজা উচিত। বিশেষ করে জেনেভা প্রোটোকলের ভিত্তিতে সিরিয়া-সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ অনুসরণ করতে হবে।
সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে পুতিন ও ট্রাম্প তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিরাপত্তার স্বার্থে দুই দেশের সামরিক চ্যানেলে যোগাযোগ বজায় রাখতে ঐকমত্যে পৌঁছেছেন দুই নেতা।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যেসব ঝুঁকি থাকতে পারে, তা নিয়েও আলোচনা করেন পুতিন ও ট্রাম্প। সূত্র: তাস