যুবরাজকে দায়িত্ব দিয়ে ব্যক্তিগত ছুটিতে সৌদি বাদশাহ

ব্যক্তিগত ছুটি কাটাতে ২৪ জুলাই সন্ধ্যায় মরক্কোর তানজা নগরীতে পৌঁছেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। দেশ ছাড়ার আগে রাজকীয় ফরমান জারি করে যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে তাঁর স্থলাভিষিক্ত প্রতিনিধি হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব দেন তিনি।
মরক্কোর প্রধানমন্ত্রী সাদউদ্দিন আলউসমানি এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় সৌদি বাদশাহ ও তাঁর সঙ্গে আগত অতিথিদের স্বাগত জানান।
বিদায় জানানোর আগে জেদ্দা বিমানবন্দরে বাবার হাত-পায়ে চুমু দিয়ে সম্মান জানান সৌদি আরবের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তরুণ যুবরাজ মুহাম্মদ। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মন্তব্য করেন ব্যবহারকারীরা।
সৌদি নাগরিকদের অনেকে লিখেছেন, বাবার প্রতি আনুগত্যের সুন্দর নিদর্শন যুবরাজের। আবার কেউ কেউ নেতিবাচক মন্তব্যে লিখেছেন, এক রাতে মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে দিয়ে তাঁর পায়ে চুমু দিয়েছিলেন মুহাম্মদ বিন সালমান। পরে তাঁকেই তিনি গৃহবন্দী করে রেখেছেন। এবার বাবার পায়ে চুমু দিয়েছেন তিনি, খুব শিগগির তাঁকেও হয়তো সরিয়ে দেওয়া হবে।
যুবরাজ থাকাকালে মরক্কোর তানজা শহরে গ্রীষ্মকালীন ছুটি কাটাতেন বাদশাহ সালমান। ক্ষমতা গ্রহণের পরও তিনি অবসরযাপনে বেছে নেন এই শহরকে। সৌদি বাদশাহর সফর উপলক্ষে তানজা শহর এখন কঠিন নিরাপত্তার চাদরে বেষ্টিত। বাদশাহর সফরসঙ্গীদের জন্য বেশ আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি হোটেলের কক্ষ এবং বিভিন্ন যানবাহন। ঠিক কত দিন বাদশাহ সালমান ছুটি কাটাবেন, তা গোপন রেখেছে সৌদি রাজপ্রাসাদ।