যে মন্দিরে আলো আর সুরে প্রযুক্তির ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি : বিবিসি থেকে নেওয়া
ছবি : বিবিসি থেকে নেওয়া

জমকালো আলোকসজ্জার মন্দিরে প্রবেশ করলেই কানে ভেসে আছে সুর। তবে তা ধীর লয়ের কোনো সুর নয়। আধুনিক বাদ্যযন্ত্রে তোলা সুর। শান্ত, নিরিবিলি চেহারার চিরাচরিত মন্দির থেকে যা একদম আলাদা। জাপানের ফুকুই শহরে ছোট্ট মন্দির শুনজির দৃশ্য এটি। দেখতে সাধারণ হলেও প্রচলিত মন্দিরের বাইরের সজ্জার কারণে ইতিমধ্যে তা আলোচিত মন্দিরে পরিণত হয়েছে। তবে বছরজুড়েই যে এমন চিত্র তা নয়। দুবার মন্দিরকে এমন অন্য রকম চেহারায় দেখতে পান ভক্তরা।

মন্দিরের এই সজ্জার কারণ কী? ধর্ম নিয়ে অবিশ্বাসের এ যুগে বৌদ্ধধর্মের প্রতি তরুণদের আকৃষ্ট করতে এমন ব্যতিক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দিরের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বছরে দুবার মন্দিরটি আলোকসজ্জা ও সুরে সাজানো হয়। এর পেছনে রয়েছেন ডিজে থেকে ধর্মযাজক হওয়া জিওসেন আসাকুরা। তিনি এতে তাঁর ডিজে দক্ষতাকে কাজে লাগিয়েছেন।

জিওসেন আসাকুরা বলেন, ‘এ ব্যাপারে আমি লোকজনের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়া পেয়েছি। ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই পেয়েছি। যাঁরা এ কাজে সমর্থন দিয়েছেন, তাঁরা বলছেন তাঁরা নিজেদের বুদ্ধের “খাঁটি ভূমি”র কাছাকাছি নিজেদের অনুভব করতে পারছেন। আর যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁরা বলছেন, এটা গুরুগম্ভীর ও শান্ত হওয়া উচিত ছিল।’

বৌদ্ধধর্মের প্রতি তরুণদের আকৃষ্ট করতে আসাকুরা এ কাজ করছেন বলে জানান। তিনি বলেন, ‘সুরের একজন ভক্ত হিসেবে আমি এটা করেছি। আমি মনে করেছি, সুন্দর সুরের মাধ্যমে আমি বুদ্ধের খাঁটি ভূমিকে লোকজনের কাছে তুলে ধরতে পারি। তাই আমি আমার কাজের সঙ্গে সুর যুক্ত করেছি। আলোকসজ্জাও এখানে বড় একটি বিষয়। বৌদ্ধধর্মের পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে, খাঁটি ভূমি এমন একটি সুন্দর স্থান, যা অসাধারণ আলোকসজ্জায় ভরপুর। অতীতে যখন বিদ্যুৎ ছিল না, তখন লোকজন এমন একটি আবহ তৈরি করত। বুদ্ধমূর্তিকে সোনার পাতের তৈরি ফিতা দিয়ে সাজানো হতো, যাতে মোমের আলো প্রতিফলিত হয়। আমি সেই আবহ তৈরি করতে চেয়েছি বৈদ্যুতিক প্রযুক্তি দিয়ে।’