যে রক্ত বৃথা গেছে

ছয় বছর আগে ২০১১ সালে মিসরে গণ-অভ্যুত্থান হয়। পতন ঘটে স্বৈরশাসক হোসনি মোবারকের। কিন্তু আজও গণ-অভ্যুত্থানের লক্ষ্য অধরা রয়ে গেছে। উল্টো গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা নতুন দমন-পীড়নের শিকার হচ্ছেন। তাঁদের আশা চুপসে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের নানাভাবে দমন করছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। অনেক আন্দোলনকর্মী কারাগারে আছেন। অনেকের সম্পদ জব্দ করা হয়েছে। কারও ওপর জারি হয়েছে ভ্রমণ-নিষেধাজ্ঞা।
সাবেক সেনাপ্রধানের সমালোচকেরা বলছেন, সিসি কোনো ধরনের ভিন্নমত সহ্য করছেন না। ভিন্নমত দমনে তাঁর অবস্থান কড়া।
সিসির মিসরে ভ্রমণ-নিষেধাজ্ঞায় পড়েছেন ৩৮ বছর বয়সী এসরা আবদেল ফাত্তাহ। ২০১১ সালের জানুয়ারিতে সংঘটিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের একজন কর্মী ছিলেন তিনি। তাঁর ভাষ্য, ‘পরিস্থিতি দুর্বিষহ।’
মোবারকবিরোধী গণ-অভ্যুত্থানের কেন্দ্রস্থল ছিল রাজধানী কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ার। মোবারকের ৩০ বছরের অপশাসনের বিরুদ্ধে ২০১১ সালের ২৫ জানুয়ারি শুরু হয় গণ-আন্দোলন। ১৮ দিনের আন্দোলনে ক্ষমতাচ্যুত হন মোবারক। সেই গণ-আন্দোলনে লাখো মিসরীয় অংশ নিয়েছিলেন। প্রাণ হারিয়েছিলেন কয়েক শ মানুষ।
গণতন্ত্র তথা মুক্তির আশায় গণ-অভ্যুত্থানের সময় অকাতরে প্রাণ দেওয়া মিসরীয়দের কথা স্মরণ করে দুঃখভারাক্রান্ত হয়ে পড়েন আন্দোলনকর্মী আবদেল ফাত্তাহ। হতাশা নিয়ে তিনি বলেন, ‘যে রক্ত বৃথা গেছে, তার জন্য আমি দুঃখিত।’
৩২ বছর বয়সী আহমেদ একজন ফার্মাসিস্ট। তিনিও ২০১১ সালের গণ-আন্দোলনে অংশ নিয়েছিলেন। আহমেদ বললেন, আগে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু এখন দেশ ছাড়তে চান।
আহমেদ জানালেন, তিনি গণতন্ত্রের ও মানবাধিকারের জন্য লড়েছিলেন। কিন্তু এখন ক্রান্তিকাল চলছে। পরিবারের মৌলিক চাহিদা মেটাতে তাঁকে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। টিকে থাকার জন্য করতে হচ্ছে নিরন্তর সংগ্রাম।
মিসরের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। এ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী মাই মোগিব বলেন, অর্থনৈতিক পরিস্থিতির কারণে মিসরীয়দের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। কিন্তু এখন কেউ আরেকটি গণ-অভ্যুত্থান চায় না। মিসরীয়রা ২০১১ সালে একটা আশা নিয়ে গণ-অভ্যুত্থান করেছিল। তাদের আশা পূরণ হয়নি। গণ-অভ্যুত্থান প্রত্যাশিত ফল আনেনি। এমন নিষ্ফলা গণ-অভ্যুত্থানের পর মিসরীয়রা হতাশ।
মোবারকের পতনের পর মিসরে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি। এক বছরের মাথায় মুরসিকে ক্ষমতাচ্যুত করে সিসির নেতৃত্বাধীন সেনাবাহিনী। এরপর সিসি হয়ে ওঠেন মিসরের দণ্ডমুণ্ডের কর্তা। একপর্যায়ে হন প্রেসিডেন্ট। তাঁর আমলে মুসলিম ব্রাদারহুডকে চরমভাবে দমন করা হয়। সিসির এই দমন-অভিযান প্রসারিত হয়ে দেশটির বামপন্থী ও ধর্মনিরপেক্ষ আন্দোলনকর্মীদের ওপর খড়্গ নেমে আসে। সুশীল সমাজের সদস্য, মানবাধিকারকর্মীরা সরকারের কোপানলে পড়েন। রোষে পড়ে বেসরকারি সংগঠনও।

মিসরের কর্তৃপক্ষের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করেছে জাতিসংঘ। দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা হরণসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও সোচ্চার। কিন্তু সিসি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন।
২০১১ সালের ২৫ জানুয়ারি যেসব গোষ্ঠী বা সংগঠন বিক্ষোভের ডাক দিয়েছিল, তার মধ্যে ধর্মনিরপেক্ষ ‘এপ্রিল সিক্স ইয়ুথ মুভমেন্ট’ অন্যতম। তারা গণ-অভ্যুত্থানকে প্রজ্বলিত করতে সহায়তা করেছিল। অথচ তাদেরই নিষিদ্ধ করেছে মিসরের কর্তৃপক্ষ।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা আহমেদ মাহের। ৩৬ বছর বয়সী এই ব্যক্তি মোবারক-বিরোধী গণ-আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিন বছর কারাভোগের পর সম্প্রতি ছাড়া পেয়েছেন তিনি। অবৈধ বিক্ষোভ সংঘটনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
আপাতত কারাগার থেকে ছাড়া পেয়েছেন মাহের। কিন্তু তাঁর পুরোপুরি মুক্তি মেলেনি। আগামী তিন বছর বাধ্যতামূলকভাবে বাড়ির পাশের পুলিশ স্টেশনে তাঁকে প্রতি রাতে ১২ ঘণ্টা করে কাটাতে হবে। এই পরিস্থিতির বর্ণনা দিয়ে মাহের বলেন, ‘এখন আমি এক আধা কয়েদি।’
আহমাদ গামাল জিয়াদা একজন আলোকচিত্র সাংবাদিক। বিক্ষোভের ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হয়ে দুই বছর জেল খেটেছেন তিনি। মিসরের বর্তমান দশায় মোহমুক্তি ঘটেছে জানিয়ে তিনি বলেন, তাঁরা ক্লান্ত, অবসন্ন।