‘যেকোনো সময়’ পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা উত্তর কোরিয়ার রয়েছে। আক্রান্ত হলে দেশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তার জবাব দেবে। যুক্তরাজ্যে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত গত শুক্রবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। খবর রয়টার্সের।
রাষ্ট্রদূত হিউন হাক-বং সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, ‘পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই নেই।’ এ কথা বলে তিনি উত্তর কোরিয়ার এখনই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা আছে তা বোঝাচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘যেকোনো সময়, যেকোনো সময়ই। হ্যাঁ তাই-ই বলছি। যুক্তরাষ্ট্র আমাদের আঘাত করলে, আমাদেরও পাল্টা আঘাত হানতে হবে। প্রচলিত যুদ্ধের সঙ্গে প্রচলিত যুদ্ধ করতে আমরা প্রস্তুত। আবার পারমাণবিক যুদ্ধের সঙ্গে পারমাণবিক যুদ্ধ করতেও আমরা প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধকে ভয়ও পাই না।’
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত চুক্তি (এনপিটি) থেকে ১৯৯৩ সালে বেরিয়ে আসে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং ৩ মার্চ এক ভাষণে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘সদা ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি’ মোকাবিলার শক্তি তাঁর দেশের রয়েছে।
উত্তর কোরীয় রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। বলেছে, তারা কোনো ‘গোয়েন্দাসংশ্লিষ্ট বিষয়ে’ কথা বলে না। তবে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানায় দপ্তর।
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও শক্তিসামর্থ্য নিয়ে কট্টর কমিউনিস্ট উত্তর কোরিয়া প্রায়ই নানা বাগাড়ম্বর করে থাকে। তাদের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মার্কিন ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম বলে অনেকের ধারণা। দেশটি এ পর্যন্ত তিনটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর কমান্ডার গত অক্টোবরে বলেছিলেন, তাঁর ধারণা, উত্তর কোরিয়ার এমন পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে, যা দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মাথায় বসানো যেতে পারে।