যোদ্ধাদের বেতন অর্ধেক করল আইএস
যোদ্ধাদের বেতন কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ও রাশিয়ার বিমান হামলার মুখে ‘বিশেষ পরিস্থিতি’ তৈরি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জঙ্গিদের এক নথিতে বলা হয়েছে। খবর যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার।
প্রভাবশালী ব্রিটিশ দৈনিকটির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট গত অক্টোবর থেকে আইএস-নিয়ন্ত্রিত বিভিন্ন তেলক্ষেত্র, সরবরাহ পথ ও কোষাগার লক্ষ্য করে ‘অপারেশন টাইডাল ওয়েভ টু’ চালিয়ে আসছে। এর মাস খানেক পরে জঙ্গিদের জারি করা একটি আদেশে ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের কৌশল কাজে দিতে শুরু করেছে।
সিরিয়ায় আইএসের কথিত রাজধানী রাকায় অবস্থিত কোষাগার থেকে আরবি ভাষায় জারি করা ওই নথিটি অনুবাদ করেছেন গবেষণা প্রতিষ্ঠান মিডলইস্ট ফোরামের গবেষক আইমেন জাওয়াদ আল-তামিমি। অনুবাদ মোতাবেক, আদেশে বলা হয়েছে, ‘ইসলামিক স্টেটকে যে বিশেষ পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, তার আলোকে সব মুজাহিদের বেতন অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। যে যেমন পদেই থাকুক না কেন, এই সিদ্ধান্ত সবার জন্য প্রযোজ্য।’